জমি অধিগ্রহণের আগে কার্যাদেশ দেওয়ায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের অক্সিজেন-হাটহাজারী অংশের সড়ক প্রশস্ত করার কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে এই সড়কের আরেকটি অংশের কার্যাদেশ দেওয়া হয়েছে গত ২৫ জুলাই।অন্যদিকে, দীর্ঘদিন ঝুলে থাকার পর বহদ্দারহাট-শাহ আমানত নতুন সেতু সংযোগ সড়কের কার্যাদেশ দেওয়া হয়েছে ৯ সেপ্টেম্বর। তবে তহবিলের সংকট ও নানা জটিলতায় নির্দিষ্ট সময়ে এসব প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম মহানগরের সঙ্গে উত্তর চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির যোগাযোগ-ব্যবস্থা উন্নত করতে অক্সিজেন-হাটহাজারী অংশে সাড়ে ১২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি চার লেন করার সিদ্ধান্ত নেয় সরকার। একইভাবে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের সঙ্গে যোগাযোগ-ব্যবস্থা উন্নত করতে বহদ্দারহাট থেকে শাহ আমানত নতুন সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের সংযোগ সড়কটিও চার লেন করার সিদ্ধান্ত হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এই দুটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। খোঁজ নিয়ে জানা গেছে, অক্সিজেন-হাটহাজারী সড়কের তিনটি অংশে ৩ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি চার লেন করার কাজ পায় আনোয়ার পপুলার জয়েন্ট ভেঞ্চার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দেড় বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। এর মধ্যে গত ২৬ আগস্ট প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হয়। দেড় বছরে ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাত্র ৩০ শতাংশ কাজ বাস্তবায়ন করতে পেরেছে বলে জানা গেছে। আনোয়ার পপুলার জয়েন্ট ভেঞ্চারের স্বত্ব্বাধিকারী মো. আনোয়ার হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘জমি অধিগ্রহণ করার আগে আমাদের কার্যাদেশ দেওয়া হয়। এ কারণে আমরা রাস্তা চওড়া করতে পারিনি। সময় বাড়ানোর জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি।’ এদিকে, অক্সিজেন-হাটহাজারী এবং বহদ্দারহাট-নতুন সেতু সংযোগ সড়ক চওড়া না হওয়ায় উভয় সড়কে যানজট বেড়ে চলেছে। মধ্যরাতেও এই দুটি সড়কে যানজট থাকছে বলে ভুক্তভোগী যাত্রী ও চালকেরা জানান। আগামী বছরের ৩১ ডিসেম্বর অক্সিজেন-হাটহাজারী এবং ২০১৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বহদ্দারহাট-নতুন সেতু সংযোগ সড়কের সম্প্রসারণ কাজ বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। বহদ্দারহাট-নতুন সেতু সংযোগ সড়ক সম্প্রসারণ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের অ্যান্ড বাদ্রার্স লিমিটেডের প্রকৌশলী আবু আবদুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘৯ সেপ্টেম্বর আমাদের কার্যাদেশ দেওয়া হয়। ১৮ মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি। কোনো জটিলতা না থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পাঁচ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ শেষ করতে সক্ষম হব।’ জানা গেছে, বহদ্দারহাট-নতুন সেতু সংযোগ সড়কের পাশে জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে উচ্চ আদালতে ১১টি মামলা হয়েছে। আদালত এ ব্যাপারে বেআইনি কিছু না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এই আদেশের কারণে সড়ক সম্প্রসারণ কাজে বাধা সৃষ্টি হবে না বলে সওজ বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন। কারণ, সড়ক সম্প্রসারণ হয় জনস্বার্থে। এটা কোনো বেআইনি কাজ নয়।অক্সিজেন-হাটহাজারী সড়কের ৮ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্য অংশের সম্প্রসারণ কাজ পেয়েছে মহিউদ্দিন বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা গত ২৫ জুলাই কার্যাদেশ পেয়েছি। এর আগে আমরা জরিপের কাজ শুরু করেছি। জমি অধিগ্রহণের জটিলতা ও বৃষ্টির কারণে ভৌত অবকাঠামোর কাজ শুরু করা যায়নি। আগামী মাসের শেষ সপ্তাহ নাগাদ আমরা কাজ শুরু করতে পারব বলে আশা করছি।’ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ বরাদ্দ নিশ্চিত করা, জমি অধিগ্রহণ সম্পন্ন এবং দ্রুত সময়ের মধ্যে আইনি জটিলতা দূর করা সম্ভব হলে প্রকল্প বাস্তবায়নে বাধা থাকবে না। এ ব্যাপারে সরকারের সঙ্গে স্থানীয় প্রশাসনের সমম্বয় থাকা প্রয়োজন, যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে। ঠিকাদার প্রতিষ্ঠানের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, কার্যাদেশ দেওয়ার পর অর্থ ছাড় না করলে প্রকল্প বাস্তবায়ন-প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। এতে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে। এদিকে, অক্সিজেন-হাটহাজারী সড়কে দিনে দিনে গাড়ির সংখ্যা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে যানজট। ফলে যাত্রীদের ভোগান্তিও বেড়ে চলেছে। এ কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক সম্প্রসারণের কাজ ত্বরান্ব্বিত করতে আন্দোলনও করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাসের প্রথম আলোকে বলেন, ‘শাটল ট্রেনের পরিবর্তে সড়কপথে ক্যাম্পাসে যাতায়াত করলে আমাদের অনেক সময় লেগে যায়। রাস্তায় একবার যানজট দেখা দিলে ১৫ মিনিটের পথ পাড়ি দিতে দেড় ঘণ্টাও লেগে যায়। এতে সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি ছাত্র-শিক্ষকদের দুর্ভোগও বাড়ছে। সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে সড়কটি সম্প্রসারণ করে যোগাযোগ-ব্যবস্থা উন্নত করা।’