ফটিকছড়ির নারায়ণহাটের দুই গ্রাম আনন্দপুর ও শ্বেতছড়া। এখানে ১০ সহস্রাধিক মানুষের বসবাস। যোগাযোগের একমাত্র সড়কটি ছিল ক্ষতবিক্ষত। এই কাঁচা সড়কটিতে শুষ্ক মৌসুমে কোনো রকমে চলাচল করা সম্ভব হলেও বর্ষায় দুর্ভোগের শেষ থাকত না। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সড়কটি পুনর্নির্মাণের। অবশেষে পুনর্নির্মাণ হলো সড়ক। নতুন সড়ক পেয়ে দুই গ্রামবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।স্থানীয় লোকজন জানান, নারায়ণহাটের আনন্দপুর ও শ্বেতছড়া গ্রাম দুটি উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায়। হালদা ভ্যালি এবং পঞ্চবটি চা-বাগান মাড়িয়ে যেতে হয় সেখানে। বাগানের ভেতর দিয়ে উত্তর-দক্ষিণে সাত কিলোমিটারের সড়কটি হওয়ায় এলাকার দীর্ঘদিনের দুর্দশা ঘুচল। আনন্দপুর গ্রামের শফিউল আলম (৩৬) বলেন, ‘এ গ্রামে কয়েকটি ভাষাভাষীর লোক রয়েছে। আমরা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলাম। নির্বাচন এলে সব প্রার্থী প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সড়ক করে দেবেন। কিন্তু তারপর আর খবর থাকে না। এবারের চেয়ারম্যান আমাদের দাবি পূরণ করলেন।’ আরকে বাসিন্দা রুহুল আমিন সর্দার বলেন, ‘বর্ষাকাল এলে আমরা বাজারে যেতে পারতাম না। এখন বাজারে যেতে আর কোনো সমস্যা নেই। রাস্তা আমাদের বদলে দিয়েছে।’শ্বেতছড়া গ্রামের লক্ষণ ধর বলেন, ‘এখনাকার উর্যাপাদিত সবজি স্থানীয় লোকজনের চাহিদা মেটানো ছাড়া বাইরে কোথাও নেওয়া যেত না। সড়কটি হওয়ায় এখন রিকশা-ভ্যান চলাচল করছে। ফলে আমাদের সবজি উপজেলা সদরে নিয়ে বিক্রি করতে পারছি।’ জানা যায়, কর্মসৃজন প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের কাজ শুরু হয় গত বছরের ১২ নভেম্বর। ৪০ দিনের মধ্যে কাজ শেষ হয়। এতে ব্যয় হয় সাড়ে চার লাখ টাকা। এ প্রসঙ্গে নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ জানান, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান বরাদ্দ থেকে এ সড়কের উন্নয়নে কাজ করা হয়েছে। এখন সড়কের ইট বিছানো ও কালভার্ট নির্মাণের জন্য সরকারের কাছে বরাদ্দের আবেদন করা হবে।