সড়কই যেন পার্কিংয়ের স্থান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জুবিলী সড়কে একটি বাণিজ্যিক ভবনের সামনের সড়কে গত বৃহস্পতিবার বেলা দেড়টায় দাঁড়িয়ে ছিল একটি প্রাইভেট কার। আধা ঘণ্টা পরও সেখানেই ছিল গাড়িটি। ওই গাড়ির চালক আলমের (ছদ্মনাম) কাছে সড়কে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘স্যার, একটু কাজে গেছেন। আমাকে অপেক্ষা করতে বলেছেন।’ শুধু জুবিলী সড়ক নয়, নগরের অন্য ব্যস্ত সড়কেরও একই অবস্থা। ব্যক্তিগত গাড়ি সড়কেই দাঁড় করিয়ে রেখে কাজ সারেন অনেকেই।সরেজমিনে দেখা গেছে, নগরের মুরাদপুর, ষোলশহর, জিইসি মোড়, সিডিএ এভিনিউয়ের গরিবুল্লাহ শাহ মাজার থেকে ওয়াসা মোড়সংলগ্ন অংশ, আন্দরকিল্লা, জামাল খান, সার্সন সড়ক, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, বহদ্দারহাট মোড়ে এবং সন্ধ্যার পর গোলপাহাড়, প্রবর্তক মোড়সহ অধিকাংশ সড়ক ও অলিগলিতে ইচ্ছেমতো গাড়ি পার্ক করে রাখা হয়। সড়কের বেশির ভাগ অংশ পার্ক করে রাখা এসব গাড়ির দখলে থাকে। এতে সৃষ্টি হয় যানজটের। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। জানা যায়, ২০০৮ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ‘প্রিপারেশন অব ড্যাপ ফর চিটাগাং মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান’ শীর্ষক একটি চূড়ান্ত খসড়া প্রতিবেদন প্রস্তুত করে। প্রতিবেদনটির ‘সড়ক নীতিমালা’ শীর্ষক তৃতীয় অধ্যায়ে বলা আছে, ‘বিভিন্ন ধরনের যানবাহনের জন্য নির্ধারিত পার্কিং স্পেস না থাকায় এবং অটোরিকশা, টেম্পো ও রিকশার জন্য অপেক্ষার স্থান (ওয়েটিং প্লেস) না থাকায় নগরের সব স্থানে বিভিন্ন ধরনের যানবাহন পার্ক করা হয়। ফলে দিনের একটি নির্দিষ্ট সময় যানজটের সৃষ্টি হয়।’ এ সমস্যা থেকে উত্তরণের উপায় হিসেবে সড়কসংলগ্ন ও সড়ক-দূরবর্তী পার্কিং এবং অপেক্ষার স্থান নির্মাণের প্রস্তাব করা হয় প্রতিবেদনটিতে। এ ব্যাপারে চউকের ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম শহরে যে পরিমাণ সড়ক আছে তা দেশের অন্যান্য শহরের তুলনায় পর্যাপ্ত। কিন্তু এখানে ট্রাফিক ব্যবস্থাপনা ভালো নয়। পাশাপাশি জনসাধারণের মধ্যে কেউ কেউ আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। উদাহরণ দিয়ে তিনি বলেন, চউক থেকে অনেকে পার্কিংয়ের নকশাসহ বহুতল ভবনের প্রকল্প অনুমোদন নেন। পরে পরিদর্শনে গেলে দেখা যায়, কোনো কোনো পার্কিংয়ের স্থানে দোকান বা গুদাম তৈরি করা হয়েছে। নিকট-ভবিষ্যতে চউকের পক্ষ থেকে শহরে কোনো পার্কিং নির্মাণের পরিকল্পনা নেই জানিয়ে সরোয়ার উদ্দিন বলেন, যেসব সুবিধা আছে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তা ব্যবহার করা গেলে সমস্যা অনেক কমবে। এ জন্য ট্রাফিক বিভাগকে আরও সক্রিয় হতে হবে।ফোরাম ফর প্ল্যানড চট্টগ্রামের সম্পাদক সুভাষ চন্দ্র বড়ুয়া বলেন, সবার আগে দরকার জরুরি সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা। সরকারি প্রতিষ্ঠানগুলোতে সঠিক স্থানে সঠিক লোক নেই। শহরে যানবাহনের সংখ্যা বাড়ছে কিন্তু পার্কিংয়ের স্থান খোঁজা হচ্ছে না। সরকারকেই পার্কিংয়ের জন্য জমির ব্যবস্থা করতে হবে। নীতি ও পরিকল্পনা প্রণয়নে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কোনো সেল নেই। এটা ছাড়া সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সম্ভব নয়। যেসব বাণিজ্যিক ভবনে পার্কিংয়ের অনুমোদন নেওয়ার পর দোকান বা গুদাম নির্মাণ করা হয়েছে, তা ভেঙে পার্কিংয়ের ব্যবস্থা করার সুপারিশ করেন সুভাষ বড়ুয়া। উল্লেখ্য, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কয়েকটি বহুতল ভবনে পার্কিংয়ের স্থানে গড়ে ওঠা দোকানপাট ও গুদামঘর ভেঙে দেওয়া হয়। উন্মুক্ত করা হয় পার্কিংয়ের স্থান। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা আগের অবস্থায় ফিরে যায়। চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি, উত্তর) এ কে এম এমরান ভূঁইয়া বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ষোলশহর ও জিইসি মোড় এলাকায় শুধু পার্কিংয়ের অভিযোগে ১২টি গাড়িকে জরিমানা করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে দিনে প্রায় ২৫০টি মামলা করা হয়। কিন্তু পর্যাপ্ত পার্কিংয়ের স্থান না থাকা, জনসচেতনতার অভাব ও ট্রাফিক বিভাগের জনবল-সংকটের কারণে এ সমস্যা থেকে মুক্তি মিলছে না।’