সড়কজুড়ে গর্ত, ধুলাবালুর অত্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুলাবালুর অত্যাচার আর খানাখন্দের ঝাঁকুনি সয়ে পথচারীদের চলাচল করতে হয় সাতকানিয়ার নাপিতের চর দুদুফকির সড়ক দিয়ে l প্রথম আলো
ধুলাবালুর অত্যাচার আর খানাখন্দের ঝাঁকুনি সয়ে পথচারীদের চলাচল করতে হয় সাতকানিয়ার নাপিতের চর দুদুফকির সড়ক দিয়ে l প্রথম আলো

সড়কজুড়ে গর্ত আর গর্ত। গাড়ি চলার সঙ্গে উড়ছে ধুলাবালু। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ পথচারীরা নাকে কাপড় গুঁজে চলাচল করছে। সড়কের আশপাশের গাছপালাও ধুলায় বিবর্ণ। সাতকানিয়ার নাপিতের চর-দুদুফকির সড়কের এমনই হাল এখন।
নাপিতের চর-দুদুফকির সড়ক দিয়ে চলাচল করে কাজীরখীল, ছৈয়দাবাদ, দক্ষিণ নাপিতের চর, ছোট ঢেমশাসহ নয় গ্রামের প্রায় ৪৫ হাজার মানুষ। চলাচল করে মিনি ট্রাক, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা। সড়কের আশপাশের বাসিন্দাদের অধিকাংশই কৃষক।
৩ এপ্রিল দুপুরে গিয়ে দেখা গেছে, সড়কের পাশের গ্রামগুলোতে উৎপাদিত বিভিন্ন মৌসুমি সবজি ও কৃষিপণ্য এই সড়ক দিয়েই সাতকানিয়া সদরের দেওয়ানহাট, কেরানীহাটসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই সড়ক দিয়ে। চলার পথে প্রায় সময় আটকে যাচ্ছে গাড়ি। সড়কটিতে পিচের অস্তিত্ব খুঁজে পাওয়াই যেন মুশকিল। সড়কে হাঁটার সময়ও বিপত্তি কম নয়, ইটের খোয়ায় হোঁচট খেয়ে পড়তে হচ্ছে। গাড়ি চলাচল করার সময় ধুলাবালু উড়ছে সমানে।
নাপিতের চর এলাকার বাসিন্দা ও ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাব উদ্দিন মোহাম্মদ ইউছুফ বলেন, সড়কটি সর্বশেষ ২২ থেকে ২৪ বছর আগে সংস্কার হয়। এরপর আর হাত পড়েনি। প্রায় দশ বছর ধরে এমন বেহাল অবস্থা। এখন সংস্কার না হওয়ায় অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে।
কাজীরখীল গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৫২) বলেন, সড়কটি অনেক দিন আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের বিকল্প পথে চলাচলের সুযোগ না থাকায় বাধ্য হয়ে ভোগান্তি সহ্য চলাচল করতে হচ্ছে।
সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. পারভেজ হোসেন (৩৪) বলেন, সড়কটি দিয়ে গাড়ি চালাতে গেলে প্রায় সময়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। তা ছাড়া সড়কজুড়ে খানাখন্দের কারণে গাড়ি চালাতে হয় ঝুঁকি নিয়ে। সড়কটি সংস্কারের ব্যবস্থা না নিলে অল্প কিছু দিনের মধ্যে ওই সড়কে গাড়ি চালানো আর সম্ভব হবে না।
এ ব্যাপারে ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী বলেন, সড়কটি সংস্কার করার জন্য স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে আবেদন করার পাশাপাশি নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি। সাংসদ সড়কটি সংস্কারের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন বলেন, প্রায় দুই কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। সম্প্রতি সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। আশা করছি, আগামী অর্থ বছরে বরাদ্দ পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির সংস্কার কাজ শুরু করতে পারব।