‘এই রাস্তা দিয়ে কোনো রিকশা-ট্যাক্সি যেতে চায় না, গেলেও দ্বিগুণ ভাড়া চায়। অবস্থাটা এমন যে যদি কোনো রোগীকে এই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়া হয় তাহলে নির্ঘাত পথেই মারা যাবে।’ ক্ষোভের সঙ্গেই কথাগুলো বললেন দক্ষিণ-মধ্যম হালিশহরের কলসী দীঘির পাড়ের ব্যবসায়ী আলী হোসেন।সরেজমিনে দেখা যায়, ৩৮ নম্বর ওয়ার্ডের ইপিজেড থেকে কলসী দীঘির পাড় হয়ে আনন্দবাজার সংযোগ সড়কটির এখন ক্ষতবিক্ষত চেহারা। পুরো সড়কটি ভাঙাচোরা। প্রায় দেড় কিলোমিটারের সড়কটি দুই বছর ধরে সংস্কার না হওয়ায় পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। প্রায় ২০ ফুট চওড়া এ সড়কের দুই পাশে কোনো ফুটপাত নেই। নেই পানি নিষ্কাশনের ব্যবস্থাও। ফলে অল্প বৃষ্টিতে ডোবা ও সড়ক একাকার হয়ে যায়। কিছু জায়গায় বড় গর্ত জলাশয়ের রূপ নেয়। তখন হেঁটে চলাচল করাও দায় হয়ে পড়ে। জানা যায়, এ সড়ক দিয়ে কলসী দীঘির পাড়, চান্দারপাড়া ও আনন্দবাজারের লোকজন নিয়মিত যাতায়াত করেন। এটা দিয়েই যেতে হয় ইপিজেড, বিএন স্কুল অ্যান্ড কলেজ, বেপজা পাবলিক স্কুল, বেশপিং কমপ্লেক্স, কনটেইনার ডিপো ও প্রাথমিক বিদ্যলয়গুলোতে। সকালে কর্মক্ষেত্রে যাওয়ার সময় প্রায় প্রতি আধঘণ্টায় ৩০ হাজার মানুষ যাতায়াত করে এ পথে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, সড়কের ওপর ইট-বালু ফেলে রাখা হয় দিনের পর দিন। দোকানগুলো মালামাল ওঠানামা করে সড়কের ওপরে ট্রাক দাঁড় করিয়ে। আনন্দবাজারের এ গফুর সড়কে একটি ময়লার ডিপো থাকায় সিটি করপোরেশনের ময়লার ট্রাক এ সড়ক দিয়েই যাতায়াত করে। এখন ৩০ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগে দেড়-দুই ঘণ্টা। এ ছাড়া সড়কের ওপর একটি খোলা ডাস্টবিন রয়েছে। যেটির ময়লা নিয়মিত পরিষ্কার করা হয় না। ময়লা উপচে সড়কে ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ ছড়ায়।পিকআপচালক কামাল হোসেন বলেন, ‘পোর্টে মাল নিয়ে যাই। এদিক দিয়ে চলাচল করতে গিয়ে গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। এ রাস্তাটাই আমার গাড়িটারে খাইছে।’স্থানীয় ব্যবসায়ী গুলজার হোসেন বলেন, ‘পোশাক কারখানার বাস ও খাদ্যগুদামের ট্রাক নিয়মিত যাতায়াত করায় এ সড়ক ভেঙেই চলেছে। প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। আমাদের দুর্ভোগের কথা বারবার জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি।’বেপজা পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী বিবি হাজেরা জানায়, ভাঙা রাস্তার কারণে প্রায় প্রতিদিনই বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়ে যায়। পরীক্ষার সময় ভয়ে থাকতে হয় ঠিকমতো পৌঁছা নিয়ে।গৃহিণী ফাতেমা আক্তার বলেন, ‘আমার ছেলে বিএন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। এ রাস্তা দিয়ে আমরা নিয়মিত চলাচল করি। রাস্তাটি এতই ভাঙা যে রিকশা দিয়ে যাওয়ার সময় আমার মেরুদণ্ড ব্যথা হয়ে যায়। বৃষ্টির সময় আতঙ্কে থাকি কখন ডোবায় পড়ি।’এ প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে এ সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করছি, এবার ঠিক হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমি জানি এলাকাবাসী অনেক কষ্টে আছে। আর বেশিদিন কষ্ট করতে হবে না।’