
নগরের পল্টন সড়কের দৈর্ঘ্য আধা িকলোমিটার। চটেশ্বরী ও ওয়াসা মোড়ের এই সংযোগ সড়কে সব সময় মানুষের চলাচল বেশি। কিন্তু এই পথটুকু পেরোতে বিড়ম্বনার যেন শেষ সেই। সড়কজুড়ে ইট-বালু আর ঠেলাগাড়ির উৎপাত। সড়কের বেশির ভাগ অংশ থাকে এসবের দখলে। বাকি অংশে চলতে হচ্ছে পথচারী ও শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা গেছে, সড়কের চটেশ্বরী প্রান্তে বাঁ পাশে রাখা হয়েছে ইট। তার পাশে চলছে ইট ভাঙার কাজ। কয়েক গজ এগোতে দেখা গেল বালুর বিশাল স্তূপ। একইভাবে ওয়াসা মোড়ের প্রান্তেও ডানদিকে রাখা হয়েছে ইট। আর ইট-বালুর মাঝখানের জায়গা দখলে নিয়েছে সারি সারি ভ্যান ও ঠেলাগাড়ি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি ব্যবহার হচ্ছে ইট-বালুর হাট হিসেবে। প্রতিদিন চলে বেচাকেনা। মোহাম্মদ মোস্তফা নামের এক ব্যক্তি চটেশ্বরী প্রান্তে এবং মোহাম্মদ হেলাল ওয়াসা প্রান্তে ইট-বালুর ব্যবসা করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মোহাম্মদ মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যবসা করে খাই। রাস্তার পাশে ইট-বালুর ব্যবসা করলে অপরাধ হয়ে যায় না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিটি করপোরেশন উচ্ছেদ করে দিলে আমরা এখান (পল্টন সড়ক) থেকে ব্যবসা সরিয়ে নেব।’
স্থানীয় বাসিন্দা শওকত আলী বলেন, পল্টন সড়ক লাগোয়া বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয় ও কলেজ এবং বাগমরিনাম আবদুর রশিদ সিটি করপোরেশন হাইস্কুল রয়েছে। উভয় স্কুলের শত শত শিক্ষার্থী ও অভিভাবক এই পথে যাতায়াত করেন। রাস্তার ওপর এভাবে ইট-বালু ফেলে রাখায় সব সময় ধুলা–বালু ওড়ে। চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
বাওয়া উচ্চবিদ্যালয় ও কলেজের এক শিক্ষার্থীরা অভিভাবক সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন পল্টন সড়ক
দিয়ে বাচ্চাকে নিয়ে স্কুলে যাতায়াত করি। কিন্তু সড়ক পার হওয়ার সময় ধুলা–বালু গা মাখিয়ে যেতে হয়। এ ছাড়া সিটি করপোরেশনের সিএনজি ফিলিং স্টেশন ভবন লাগোয়া দুটি ডাস্টবিন রয়েছে। ডাস্টবিন থেকে দুর্গন্ধ ছড়ায়। কিন্তু সিটি করপোরেশনের কেউ যেন দেখার নেই।’
সিটি করপোরেশন সূত্র জানায়, সড়কটিতে ছয় মাস আগে চকবাজার থানা-পুলিশ একবার উচ্ছেদ কার্যক্রম চালিয়েছিল। এ সময় অবৈধভাবে রাখা ইট-বালু জব্দ করা হয়। কিন্তু উচ্ছেদের কিছুদিন না যেতেই আবার বসে গেছেন ইট-বালুর ব্যবসায়ীরা। সূত্র আরও জানায়, সম্প্রতি সড়কটি সম্প্রসারণ করা হয়েছে। বাড়ানো হয়েছে নালার গভীরতা।
নগরের কোতোয়ালি থানা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করে জানান, বঙ্গবন্ধুর সহকর্মী ও সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর বাড়ি ও কবর পল্টন সড়কের পাশেই। কিন্তু সড়কটিতে চলাচল করাও দায় হয়ে পড়েছে। অথচ কেউ এসবের প্রতিবাদ করে না।
জানতে চাইলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সম্প্রতি তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘ময়লা-আবর্জনা ও ধুলা–বালুমুক্ত নগর গড়ে তোলার ওপর আমরা জোর দিচ্ছি। আর রাস্তার পাশে ইট-বালু এবং বাঁশ-গাছের ব্যবসা থাকবে না। ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে।’ মেয়র নাছির উদ্দীন আরও বলেন, ‘একজন ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা নগরের শত শত বিলবোর্ড উচ্ছেদ করেছি। নগরকে পরিকল্পিতভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে তিনজন ম্যাজিস্ট্রেট চেয়ে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। ম্যাজিস্ট্রেট পাওয়া গেলে নগরের সব সড়কে অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হবে।’