কক্সবাজারের চকরিয়া পৌরসভার বালিকা উচ্চবিদ্যালয় সড়ক। সোসাইটিপাড়া থেকে সড়কের শুরু। সামান্য এগিয়ে কাঁচাবাজারে এলেই চোখে পড়বে আবর্জনার ভাগাড়। ময়লা ছড়িয়ে-ছিটিয়ে আছে সড়কের ওপর। পাশের নালা থেকেও বের হচ্ছে উৎকট দুর্গন্ধ। আরও এক শ গজের মতো এগোতেই বালিকা উচ্চবিদ্যালয়ের মূল ফটকের পাশে আবার আবর্জনার ভাগাড়। পথচারী ও শিক্ষার্থীরা হাঁটছে নাকে কাপড় গুঁজে। এ সড়ক দিয়ে চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কোরক বিদ্যাপীঠ, মহিলা কলেজ, মডেল কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলসহ ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের বেশির ভাগ শিক্ষার্থী চলাচল করে।
শুধু বালিকা উচ্চবিদ্যালয় সড়ক নয়, পৌরসভার বেশির ভাগ সড়কের ওপর পড়ে থাকে আবর্জনা।
কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী সিদরাতুল মোস্তফা বলে, প্রতিদিন আবর্জনার ভাগাড় পেরিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হয়।
সরেজমিনে দেখা গেছে, পুরো পৌরসভার কোনো সড়কে আবর্জনা ফেলার ডাস্টবিন নেই। স্থানীয় বাসিন্দারা খেয়ালখুশিমতো ময়লা ফেলছেন। পৌর এলাকার ওয়াপদা, বাঁশঘাট, হিন্দুপাড়া ও হাইস্কুল সড়কেও আবর্জনা ফেলা হচ্ছে সড়কের ওপর। এসব আবর্জনা কাক ও কুকুরের ঘাঁটাঘাঁটিতে আবর্জনা ছড়াচ্ছে আশপাশের ১৫-২০ গজের মধ্যে।
চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন বলেন, ‘বেশ কিছুদিন ধরে বালিকা বিদ্যালয় সড়কটি দিয়ে হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। দুর্গন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ।
ওয়াপদা সড়কের বাসিন্দা মোহাম্মদ এহসান বলেন, ‘অনেক সময় এক সপ্তাহেও আবর্জনা পরিষ্কার করা হয় না। ফলে দুর্গন্ধ ছড়ায় চারপাশে। চলাফেরা করতে কষ্ট হয়।
এদিকে গ্রেপ্তারের ভয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন চকরিয়া পৌরসভার মেয়র ও পৌরসভার বিএনপির স্থগিত কমিটির সভাপতি নুরুল ইসলাম। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে অন্তত ৩৯টি মামলা। বেশির ভাগ মামলায় তিনি জামিনে থাকলেও সাম্প্রতিক সময়ের সহিংসতার মামলার কারণে পালিয়ে বেড়াচ্ছেন। পৌরসভার বাসিন্দারা জানান, মেয়র আত্মগোপনে থাকায় থমকে গেছে পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।
এ ব্যাপারে বক্তব্য জানতে পৌরসভার মেয়র নুরুল ইসলামের মুঠোফোনে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে চকরিয়া পৌরসভার সচিব মাসুদ মোরশেদ প্রথম আলোর কাছে দাবি করেন, মেয়র উপস্থিত না থাকলেও ঠিকই সব কাজ এগিয়ে চলছে। সড়কের আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরে সড়কের আবর্জনা পরিষ্কার করা হয় না—এ অভিযোগ সঠিক নয়।