ফটিকছড়ি উপজেলার বৃন্দাবনহাট-কাঞ্চননগর সড়ক পাকা করার দাবি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের।্রতিন বছর আগে সড়কটির পাকা করার খবর শুনে খুশিও হয়েছিলেন তাঁরা। কিন্তু কাজ শেষ না করে ঠিকাদার চলে যাওয়ায় সড়কটি উল্টো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ঠিকাদার বছর খানেক আগে সড়কে ইটের খোয়া ফেলে পিচ ঢালাই না করেই চলে গেছেন। ফলে এলাকার প্রায় ৫০ হাজার মানুষকে নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে।্র
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে ওই সড়কের দুই হাজার ৮২৮ মিটার পর্যন্ত পাকা করার জন্য এক কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ করা হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় মেসার্স চৌধুরী কনস্ট্রাকশন। সংশ্লিষ্ট ঠিকাদার ২০১১ সালের ২৫ জানুয়ারি কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেন। এরপর সড়কে ইটের খোয়া আর বালু ফেলা হলেও নির্মাণ সামগ্রীর উচ্চ মূল্য ও তহবিল সংকটের অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। ২০১২ সালের ২ ফেব্রুয়ারি কার্যাদেশের মেয়াদ শেষ হয়। এর পর এলজিইডির পক্ষ থেকে ঠিকাদারকে বারবার তাগাদা দিয়েও কোনো লাভ হয়নি। গত সোমবার ২ ডিসেম্বর ওই সড়কে গিয়ে দেখা গেছে, সড়কে ইটের খোয়া ও বালুর কাজ করে ফেলে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় ইটের খোয়া উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সড়কে যাতায়াতকারী কাঞ্চননগর গ্রামের বাসিন্দা মো. মঞ্জুর মোর্শেদ জানান, এ সড়ক দিয়ে উপজেলার রাঙ্গামাটিয়া, কাঞ্চননগর ও পাইন্দং ইউনিয়নের মানুষ কম সময়ের মধ্যে উপজেলা সদরে যাতায়াত করত। আগে মাটির সড়কে কষ্ট করে যাতায়াত করা গেলেও এখন খোয়া বিছানো পথে চলাচল করা দুরূহ হয়ে পড়েছে।
সড়কে দিয়ে রিকশাভ্যান বোঝাই করে মুলা-বেগুন নিয়ে বিবিরহাটে যাচ্ছিলেন কাঞ্চননগর গ্রামের সবজি চাষি তোফায়েল আহাম্মদ (৪০)। তিনি জানান, এক বছরের বেশি সময় হলো এভাবে খোয়া ফেলে রাখা হয়েছে। গত বর্ষায় বৃষ্টির পানিতে খোয়া উঠে অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে।
ঠিকাদার মো. আবুল বশর বলেন, ‘সড়কের কাজ ৫০ শতাংশ করার পর তহবিলের অভাব ও উপকরণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কাজ বন্ধ করেছি। এই কাজ করে ১০ লাখ টাকা জরিমানাও গুনেছি।’
উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস প্রথম আলোকে জানান, তহবিল সংকটের কারণ দেখিয়ে ঠিকাদার কাজ করছেন না। তাকে জরিমানা করা হয়েছে। অচিরেই এ সমস্যা কেটে যাবে। এক মাসের মধ্যে পুনরায় দরপত্র আহ্বানের মধ্য দিয়ে সড়কের কাজ আবার শুরু করা হবে।