সড়কে ঘর তুলেছে ছিন্নমূল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের মেঘলা এলাকায় পরিত্যক্ত রাস্তার ওপর পাহাড়ের গা ঘেঁষে ঘরবাড়ি তুলছে আশ্রয়হীন মানুষ। সড়ক ও জনপথ বিভাগ এসব বাড়ি উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে চলছে তালিকা তৈরির কাজ l প্রথম আলো
বান্দরবানের মেঘলা এলাকায় পরিত্যক্ত রাস্তার ওপর পাহাড়ের গা ঘেঁষে ঘরবাড়ি তুলছে আশ্রয়হীন মানুষ। সড়ক ও জনপথ বিভাগ এসব বাড়ি উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে চলছে তালিকা তৈরির কাজ l প্রথম আলো

সড়কজুড়ে সারি সারি টিনের ঘর। বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রের কাছে পুরোনো সড়কের ওপর পাহাড় ঘেঁষে বিপজ্জনকভাবে এমন বেশ কয়েকটি ঘর গড়ে উঠেছে রাতারাতি। সংখ্যায় ৩০ থেকে ৪০টি। বান্দরবানের রেইসা থেকে মেঘলা পর্যন্ত পুরোনো সড়কে এখন আর গাড়ি চলে না। ওই সড়কের প্রায় দুই কিলোমিটারজুড়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে এসব ঘর নির্মিত হয়েছে। পাহাড়ের পাদদেশে নির্মিত হওয়ায় প্রবল বৃষ্টিপাতে যেকোনো সময় পাহাড় ধসে মাটি চাপা পড়তে পারে ঘরগুলো।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে এই দৃশ্য। লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টেকনাফ-কক্সবাজার এলাকা থেকে আসা শ্রমজীবী মানুষজন এসব বাড়িতে থাকছেন। অবৈধভাবে গড়ে ওঠা এসব ঘর উচ্ছেদেরও উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী আশীষ কুমার মুখার্জি বলেন, সওজের জমি অবৈধভাবে দখল করে কিছু পরিবার ঘরবাড়ি তৈরি করেছে। তাঁরা বিপজ্জনকভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন। এ জন্য জেলা প্রশাসনের সহযোগিতায় তাঁদের উচ্ছেদ করে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঝুঁকির মধ্যে বসবাসকারী এসব বাড়ির বাসিন্দারা এর মধ্যে একাধিকবার বিপদের মুখেও পড়েছেন। পাহাড়ের পাদদেশে বসবাসরত উখিয়ার নুর আহমদ ও নুরুন্নাহার জানান, তাঁদের বাড়িতে মাটি ধসে পড়লে তাঁরা অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। কিন্তু তাঁরা এখনো ওই বাড়িতে বসবাস করছেন।
নুরুন্নাহার বলেন, ‘আমরা গরিব মানুষ। মৃত্যুর ঝুঁকি থাকলেও এখানে থাকা ছাড়া কোনো উপায় নেই।’
নুরুন্নাহারের পাশের বাড়িতে থাকেন আনোয়ারা বেগম। তাঁর কথা, তাঁদের কোনো কাগজপত্র নেই। তাঁদের থাকতে বলা হয়েছে এ জন্য আছেন। তবে কে বা কারা থাকতে বলেছে, সে প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি।
মোহাম্মদ বাদল মিয়া ও জাহাঙ্গীর আলম এই এলাকায় কয়েক দিন আগে এমন ঘর করেছেন। তাঁরা বলেছেন, অনেকে খালি জায়গা দখল করে ঘরবাড়ি করছেন দেখে তাঁরাও করেছেন। আবার অনেকে ঘরবাড়ি তৈরি করে ভাড়া দিচ্ছেন এবং বিক্রিও করছেন।
এখানকার বাসিন্দা মজিবুল হক ও জসীম উদ্দিন বলেন, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জমি দখল করে বাড়ি করেছেন। তাঁরা ওই প্রভাবশালীদের বাসায় ভাড়া থাকেন। জমির বৈধ কোনো দলিলপত্র না থাকলেও বাড়ির মালিক পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন নিয়েছেন।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী আশীষ কুমার মুখার্জি বলেন, বিকল্প সড়ক হওয়ায় পুরোনো সড়কটিতে যানবাহন চলাচল করে না। এ জন্য উখিয়া, টেকনাফসহ বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে সড়কের জমি দখল করে ঘরবাড়ি তৈরি করেছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অবৈধ বসতকারীদের উচ্ছেদের ব্যাপারে আলোচনা হয়েছে। কত পরিবার সেখানে রয়েছে তালিকা করা হচ্ছে এবং তালিকা পাওয়া গেলেই উচ্ছেদ করা হবে।