সড়কে চলাচলের ভরসা নৌকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে প্রতিদিনের জোয়ারের পানি। তখন এলাকার প্রধান সড়কটিও ডুবে থাকে পানিতে। আর ভাটার সময় কাদা মাড়িয়ে এ সড়কে চলাচল করা যায় না। ফলে অপেক্ষায় থাকতে হয় জোয়ারের। আর তখন চলাচলের ভরসা নৌকা। এ অবস্থা চলছে দুই মাস ধরে। গত ২৭ আগস্ট সরেজমিনে দেখা গেছে, সরইতলা, ষাইটপাড়া, নতুনঘোনা, দক্ষিণে ভারতঘোনা, পণ্ডিত ডেইল, সুতরিয়া, মুহুরিঘোনা ও সাপমারার ডেইল এলাকার ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। ফলে ধলঘাটা-মাতারবাড়ি সড়কসহ সরইতলা, ষাইটপাড়া, সুতরিয়া, বেগুনবনিয়া, পন্ডিতের ডেইল, সাপমারার ডেইল, দক্ষিণ সুতরিয়া, সিকদারপাড়া, পানিরছড়া ও বৃহত্তর মুহরী ঘোনাসহ ১৯ গ্রামের ২০ অভ্যন্তরীণ সড়ক ডুবে আছে। সড়কের ওপর দিয়ে স্থানীয় লোকজন নৌকা দিয়ে পার্শ্ববর্তী ইউনিয়ন মাতারবাড়ি হয়ে বিভিন্ন স্থানে চলাচল করছেন। আর পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩০ হাজার মানুষ। সরইতলার বাসিন্দা মির কাসেম ও রুহুল কাদের জানান, দুই মাস আগে বাঁধ ভেঙে গেলেও তা সংস্কার করা হয়নি। সম্প্রতি জোয়ারের পানিতে ভেসে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়। আর সড়ক ডুবে যাওয়ায় এখন নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। ধলঘাটা আর্দশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ বলেন, জোয়ারের পানির ভয়ে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে চায় না। তার পরও ঝুঁকি নিয়ে ছোট্ট ছোট্ট নৌকা দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে কিছু শিক্ষার্থী।এ প্রসঙ্গে ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, দুই মাস আগে সাগরের উত্তাল ঢেউ ও অমাবস্যার জোয়ারের পানিতে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভেঙে যায়। এ সময় ধলঘাটা-মাতারবাড়ি সড়কসহ ১০টি অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক বিলীন হয়ে গেছে। এখন জোয়ারের পানি প্রতিদিন লোকালয়ে ঢুকে পড়ছে। এ কারণে দুই মাস ধরে সড়কের ওপর দিয়ে নৌকাযোগে স্থানীয় লোকজন যাতায়াত করছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কথা স্বীকার করে মহেশখালী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এখন দরকার বেড়িবাঁধ সংস্কার করা। লোকালয়ে জোয়ারে পানি ঢোকা বন্ধ হলে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ ও সড়ক সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ বারবার ধরনা দিয়েও কোনো কাজ হচ্ছে না। এতে জনগণের ভোগান্তি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, ‘ধলঘাটা এখন পানির নিচে, এটা আমরা জানি। কিন্তু বরাদ্দ না পাওয়ার কারণে বাঁধ সংস্কার করা সম্ভব হচ্ছে না।’