সড়কে বিশাল গর্ত, গাড়ি চলে ঝুঁকি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার পারকি সৈকত সড়কে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। দিন দিন সড়কের পাড় ভেঙে বড় হচ্ছে গর্তটি। এর মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায় এক মাস হতে চলল এটি মেরামতের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।জানা যায়, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) সংলগ্ন এলাকার একটি কালভার্ট চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দেবে যাওয়ার কারণে সড়কে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পারকি সৈকতে যাওয়া দর্শনার্থীদের। এ ছাড়া উপকূলীয় ইউনিয়ন রায়পুরের বাসিন্দা ও মাছ ব্যবসায়ীদেরও মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পারকি সৈকতের নীলিমা পয়েন্ট রিসোর্ট পার্কের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম শাহ বলেন, প্রতি বৃহস্পতি ও শুক্রবার পারকিতে পর্যটকদের ঢল নামে। কিন্তু সৈকতের একমাত্র সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যটকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।সড়কে চলাচলকারী সিএনজিচালিত আটোরিকশা চালক আবদুস সালাম বলেন, ‘এখন সন্ধ্যার পর গাড়ি চালানো বন্ধ রাখি। কারণ সড়কের গর্তটিতে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’ সূত্র জানায়, গত জুন মাসে মেরিন একাডেমি থেকে পরুয়াপাড়া বাতিঘর পর্যন্ত সাত কিলোমিটার সড়কে ৩৬ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হয়। বারশত ইউনিয়নের চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করেছি। এটি দ্রুত মেরামত করে যাতায়াতের উপযোগী করা হবে।’