একটি ভবনের তিনটি শ্রেণীকক্ষে শিশুদের গাদাগাদি করে পাঠদান করা হয়। সিঁড়ি-ঘরকে বানানো হয়েছে প্রধান শিক্ষিকার কার্যালয়। প্রতিদিন শিক্ষার্থীদের শরীরচর্চা (পিটি) করানো হয় বিসি নন্দী সড়কে। এমনই অবস্থা নন্দীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অথচ বিদ্যালয়ের পুরোনো ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ১০ বছর। এটি ভেঙে ফেলা হলে শিক্ষার্থীরা খেলার মাঠ পেত। নতুন ভবন নির্মাণ করা যেত। এতে বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা থাকত না। পাশের নন্দীরহাটের লোকজন পুরোনো ভবনের ভেতর প্রাকৃতিক কাজ সারেন। সন্ধ্যায় মাদকসেবীদের আড্ডা বসে। অবকাঠামোগত সমস্যার কারণে হাটহাজারীর ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে পড়াশোনা ব্যাহত হচ্ছে। ১৮৬৪ সালে স্থানীয় জমিদার বাদলেন্দু নন্দী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন চারজন।প্রধান শিক্ষিকা শাহনাজ হক জানান, ‘৩৩ শতক জায়গার ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। পুরোনো ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২০০১ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এটির পূর্ব পাশে তিন কক্ষের নতুন একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়ের জায়গা আছে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। বাচ্চাদের রাস্তায় পিটি করাতে হচ্ছে।’সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত ভবনটির পাশে নাকে রুমাল দিয়ে চলাচল করে মানুষ। এটি পরিণত হয়েছে গণশৌচাগারে। দুর্গন্ধের কারণে শিশুরা ওই ভবনের পাশে যেতে চায় না। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রিয়াজ মোহাম্মদ বলেন, ‘ভবনটি ভেঙে ফেলার জন্য উপজেলা শিক্ষা কার্যালয়ে একাধিকবার লিখিত আবেদন জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি।’বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি অনুপম নন্দী বলেন, ‘পরিত্যক্ত ভবনটি এলাকাবাসীর জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি এখন পাবলিক টয়লেট।’ এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, ‘নন্দীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। শিগগির দরপত্র আহ্বান করা হবে। এতে বিদ্যালয়ের খোলা জায়গা বাড়বে। শিক্ষার্থীদের শরীরচর্চা ও খেলাধুলায় সমস্যা থাকবে না।’