
গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করতে গিয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দুটি সড়কে খোঁড়াখুঁড়ির কারণে চার মাস ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ইট বিছানো গ্রামীণ সড়ক দুটিতে অন্তত ৩০ ফুট করে গর্ত করা হয়েছে। বৃষ্টি হলেই সড়কের কাটা অংশগুলো পানিতে ভরে যায়। স্থানীয় লোকজন নিজেদের টাকায় বাঁশ দিয়ে সড়ক দুটিতে অস্থায়ী সাঁকো স্থাপন করে কোনো রকমে চলাচল করছেন।
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী-বাংলাপাড়া এবং মইয়াদিয়া-পূর্ব বিলহাচুরা সড়কের এই দশা গত মার্চ মাস থেকে। চার মাস পেরিয়ে গেলেও সড়ক দুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পূর্ব গোঁয়াখালী, টেকপাড়া, বাংলাপাড়া, বাইম্ম্যাখালী, পূর্ব বিলহাচুরা, মইয়াদিয়া, সিকদারপাড়া ও নন্দীরপাড়া গ্রামের লোকজন।
পেকুয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, মহেশখালী থেকে আনোয়ারা পর্যন্ত দীর্ঘ ৮০ কিলোমিটার গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করতে গিয়ে অনেক স্থানে সড়ক ও ঘরবাড়ি ÿক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে সঞ্চালন লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। যাঁদের ব্যক্তিগত সম্পদ নষ্ট হয়েছে, সরকার তাঁদের ক্ষতিপূরণ দিয়েছে। অন্যদিকে সরকারি সম্পদ যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আবারও বরাদ্দ দিয়ে তা মেরামত করা হচ্ছে। কিন্তু মেরামত হয়নি গোঁয়াখালী-বাংলাপাড়া এবং মইয়াদিয়া-পূর্ব বিলহাচুরা সড়ক।
পূর্ব গোঁয়াখালী গ্রামের বাসিন্দা পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, পূর্ব গোঁয়াখালী-বাংলাপাড়া সড়ক মেরামত না হওয়ায় ওই এলাকার আশপাশের গ্রামের মানুষজন দুর্ভোগ পোহাচ্ছেন। সাঁকো তৈরি করা হলেও বৃষ্টিতে সাঁকোটি পিচ্ছিল হয়ে পড়ে। এতে বৃদ্ধ ও শিশুরা সাঁকো পার হতে পারে না।
পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজেম উদ্দিন বলেন, বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বৃষ্টির সময় সাঁকো পার হতে পারে না। তাদের অন্তত তিন কিলোমিটার ঘুরে বিদ্যালয়ে আসতে হচ্ছে।
পূর্ব বিলহাচুরা এলাকার বাসিন্দা দিদারুল ইসলাম ও নজরুল ইসলাম বলেন, তাঁদের গ্রামের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে চার মাস ধরে। এখনো মইয়াদিয়া-পূর্ব বিলহাচুরা সড়কের খুঁড়ে ফেলা অংশ মেরামত হয়নি। এতে নারী, শিশু ও বৃদ্ধরা দুর্ভোগ পোহাচ্ছেন।
জানতে চাইলে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, পূর্ব গোঁয়াখালী-বাংলাপাড়া সড়ক মেরামতে ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। আর মইয়াদিয়া-পূর্ব বিলহাচুরা সড়ক সংস্কারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। বৃষ্টি কমলে কাজ শুরুর সম্ভাবনা রয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান বলেন, সড়ক দুটি খুঁড়ে ফেলায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, এটা সত্যি। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে এলজিইডি ও ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে সড়কের সংস্কারকাজ শুরু করা।