সড়কে হাঁটুপানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই হালকা বৃষ্টিতেও হালিশহরে পানি জমে। তার ওপর গত এক সপ্তাহের টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বারবার প্লাবিত হয়েছে হালিশহর ও আশপাশের এলাকা। কোথাও কোথাও কোমরসমান, আবার কোথাও বুকসমান পানি উঠেছে। বসতবাড়ি ও ব্যবসা-বাণিজ্যকেন্দ্রে পানি ওঠায় থমকে গেছে এলাকার জনজীবন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, হালিশহর বি ব্লক, সোনালী আবাসিক এলাকা, বিডিআর মাঠ, এক্সেস রোড, ছোটপুল, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, নয়াবাজার, রামপুরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। ট্রাঙ্ক রোডেও জলাবদ্ধতা দেখা দেয়।হালিশহর সোনালী আবাসিক এলাকার বাসিন্দা আইনজীবী তাহমিনা হায়াত চৌধুরী বলেন, ‘আমাদের বাসায় কোনো সময় পানি ওঠেনি। কিন্তু মঙ্গলবার বিকেল থেকে বাসায় পানি ঢোকা শুরু করে। সন্ধ্যার মধ্যে তা হাঁটু পরিমাণ হয়ে যায়। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়ে গেছে।’মহেশ খাল সংকুচিত ও ভরাট হয়ে পড়ায় বারবার এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। হালিশহরের দুঃখখ্যাত এই খালটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।এ প্রসঙ্গে জানতে চাইলে উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কমিশনার সিরাজুল ইসলাম বলেন, ‘জীবনে এ রকম বৃষ্টি দেখিনি। পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণের বাইরে। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি মিশে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে।’ মহেশ খাল সংস্কার না হওয়ায় পানি সরছে না বলে মন্তব্য করেন তিনি। সিরাজুল ইসলাম আরও বলেন, ‘দু-তিন ঘণ্টা বৃষ্টি না হলে পানি আবার নেমে যাবে। তবে আজ (মঙ্গলবার) রাতে বৃষ্টি হলে পানি আরও কয়েক ফুট বাড়তে পারে।’হালিশহর জে ব্লকের বাসিন্দা ক্যাপ্টেন আনোয়ারুল হক বলেন, ‘১২ বছর ধরে এখানে বসবাস করছি। এমন পানি আগে দেখিনি। আজ (মঙ্গলবার) বিকেল তিনটা থেকে পানি উঠতে শুরু করে। দুই-তিন ঘণ্টার মধ্যে পাঁচতলা ভবনের নিচতলার পুরোটাই তলিয়ে গেছে। এলাকার রাস্তায়ও তিন থেকে চারফুট পানি।’