সড়কের এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার মরফলা সড়কের ইট উঠে গিয়ে বেহাল হয়ে পড়েছে। সড়কের বেশির ভাগ অংশ থিকথিকে কাদায় ভরা। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে বাসিন্দারা l প্রথম আলো
সাতকানিয়া উপজেলার মরফলা সড়কের ইট উঠে গিয়ে বেহাল হয়ে পড়েছে। সড়কের বেশির ভাগ অংশ থিকথিকে কাদায় ভরা। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে বাসিন্দারা l প্রথম আলো

বৃষ্টি হলে কাদার জন্য সড়কে পা ফেলা দায় হয়ে পড়ে। আর রোদে ধুলাবালুর অত্যাচার। তার ওপর স্থানে স্থানে ইট সরে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত। সাতকানিয়া উপজেলার প্রায় তিন কিলোমিটার দীর্ঘ চৌধুরী হাট-মরফলা সড়কের এমনই হাল এখন। বেহাল সড়কে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

নলুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, চৌধুরী হাট-মরফলা সড়কটি ১৫ বছর আগে ইট বিছিয়ে সংস্কার করা হয়েছিল। সড়কটির আধা কিলোমিটার উপজেলার ঢেমশা ও প্রায় আড়াই কিলোমিটার নলুয়া ইউনিয়নের মধ্যে পড়েছে। প্রতিদিন চলাচল করে অন্তত ১০ হাজার মানুষ।

 ১৬ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, প্রায় তিন কিলোমিটার ইট বিছানো সড়কটির কিছু স্থানে ইটের চিহ্নই নেই। ওই স্থানগুলো থিকথিকে কাদায় ভরা। আবার কিছু জায়গায় ইট এবড়োখেবড়ো হয়ে আছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে ঢেমশা ইউনিয়নের চৌধুরী হাট, নলুয়া ইউনিয়নের মরফলা, খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া, আমিলাইষ ইউনিয়নের ছরওয়াবাজার এলাকার লোকজন যাতায়াত করে। সড়কটিতে এক সময় মাইক্রোবাস ও অটোরিকশা চলাচল করত। এখন বেহাল হওয়ার কারণে রিকশা ও ভ্যান ছাড়া অন্য গাড়ি তেমন চলাচল করতে দেখা যায় না।

দক্ষিণ মরফলা এলাকার বাসিন্দা মো. আবু বক্কর (৩৮) বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার হচ্ছে না। জনপ্রতিনিধিরাও সড়কটি দিয়ে চলাচল করেন। কিন্তু সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছেন না। গত বছর মরফলা এলাকায় নতুন একটি ইটভাটা স্থাপন করা হয়েছে। ইটভাটার ভারী গাড়ি চলাচল শুরু হলে মনে হয় সড়কের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে।

মরফলা এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক বোরহান উদ্দিন বলেন, বৃষ্টি হলে সড়কটি দিয়ে গাড়ি চালানো যায় না। কাদাভর্তি গর্তে গাড়ি আটকে যায়। তাই এ সড়কে যাত্রী পাওয়া গেলেও ভোগান্তির কারণে অটোরিকশাসহ গাড়ি চলাচল কমে গেছে।

স্থানীয় কৃষক মো. ইলিয়াছ বলেন, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে এলাকায় উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য কেরানীহাট ও দেওয়ান হাটে নিতে গেলে ব্যয় বেড়ে যায়। ভ্যানচালকেরা দ্বিগুণ ভাড়া আদায় করেন।

এ প্রসঙ্গে নলুয়া ইউপি চেয়ারম্যান তসলিমা আকতার বলেন, ‘সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় স্থানীয় বাসিন্দাসহ চলাচলকারী লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করার জন্য চেষ্টা চলছে। আশা করি আগামী বছর সংস্কারকাজে হাত দিতে পারব।’

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সাতকানিয়া কার্যালয়ের প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন বলেন, চৌধুরী হাট-মরফলা সড়কটি পরিদর্শন করা হয়েছে। এটি সংস্কারের জন্য প্রকল্প তৈরি করা হবে। আশা করছি আগামী অর্থবছরে দরপত্র আহ্বানের মাধ্যমে সড়কটিতে কার্পেটিংয়ের ব্যবস্থা করতে পারব।