
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ১০ কিলোমিটার দীর্ঘ আধারমানিক সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। দীর্ঘ ১৫ বছর ধরে সড়কের সংস্কার না হওয়ায় অনেক স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। নওঘাটা এলাকায় সড়কের একাংশ পাশের খালে ধসে গিয়ে সরু হয়ে পড়েছে। ফলে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, লোহাগাড়ার পদুয়ার তেওয়ারি হাট থেকে আধারমানিক গ্রামের সেনের চর এলাকা পর্যন্ত বিস্তৃত এই সড়কের সর্বশেষ সংস্কার হয়েছিল ২০০১ সালে। সে সময় সড়কের তেওয়ারি হাট থেকে ডেলিয়াপাড়া পর্যন্ত দুই কিলোমিটার অংশে পিচঢালাই করা হয়েছিল। তবে এরপর দীর্ঘ ১৫ বছর ধরে আর কোনো সংস্কার হয়নি। বর্তমানে সড়কটির পিচঢালাই উঠে গিয়ে নানা স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কে বড় বড় গর্ত। বিভিন্ন স্থানে ইটও উঠে গেছে। প্রায় ১০ ফুট চওড়া এই সড়কের নাওঘাটা অংশের অর্ধেকটা বিলীন হয়ে গেছে পাশের হাঙ্গর খালে। সেখানে সড়কের প্রশস্ততা চার থেকে পাঁচ ফুট। ফলে সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা যানবাহন।
আধারমানিক সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা বলেন, এই সড়ক দিয়ে ডেলিয়াপাড়া, হিন্দুপাড়া, ডোয়ার আলী সিকদারপাড়া, নাওঘাটা, আশা বিবিরপাড়া, পালপাড়া, সেনের চর, ধলিবিলা, ছগিরাপাড়া, বাগমুয়া, প্যাঁচারপাড়া, আওয়ালপাড়া ও হানিফার চরের লোকজন লোহাগাড়া সদরে যায়। এসব এলাকায় উৎপাদিত কৃষি পণ্যবাহী ট্রাকও চলাচল করে এই সড়ক দিয়ে। এ ছাড়া বান্দরবান জেলার টংকাবতী ইউনিয়নের মানুষ এ সড়কে লোহাগাড়া সদর ও বান্দবারবান শহরে যাতায়াত করে। সড়কটির বেহাল দশার কারণে কয়েক হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহায়।
এ ব্যাপারে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহির উদ্দিন বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে এ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। ফলে সড়কের দশা এমন বেহাল হয়েছে।
সড়কের বেহাল দশার কারণে নানা দুর্ঘটনাও ঘটছে। সিএনজি অটোরিকশার চালক মোরশেদুল আলম বলেন, প্রায়ই এ সড়কে নানা দুর্ঘটনা ঘটে। সম্প্রতি হাঙ্গর খালের মধ্যে গাড়ি পড়ে গিয়ে কলেজছাত্রীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তা ছাড়া বর্ষাকালে সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রতিপদ দেওয়ান প্রথম আলোকে বলেন, বর্তমানে লোহাগাড়া উপজেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো আধারমানিক সড়ক। ইতিমধ্যে সড়কটির দুই কিলোমিটার অংশ সংস্কারের জন্য ৩৪ লাখ টাকা অনুমোদন হয়েছে। বাকি অংশেরও সংস্কার হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান সড়কটির দুরবস্থার কথা স্বীকার করে বলেন, এ সড়কের সঙ্গে পার্বত্য চট্টগ্রামেরও সংযোগ রয়েছে। তাই এটি গুরুত্বপূর্ণ সড়ক। স্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।