ছোট-বড় গর্তে ভরা সড়ক। এসব গর্তে পড়ে গাড়ি চলে হেলেদুলে। আর যাত্রীদের প্রাণ যায় যায় অবস্থা! বৃর্িষ্ট হলে তো গর্ত আর গর্ত থাকে না, পরিণত হয় ডোবায়। ফটিকছড়ির ঝংকার-নাজিরহাট বাজার সড়কের এমনই বেহাল দশা এখন।
জানা যায়, এক কিলোমিটার সড়কের নাজিরহাট বাজার অংশের ৬০০ গজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পাঁচ বছর ধরে সড়কটির এমন অবস্থা হলেও এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তর নির্বিকার। ফলে দিন দিন মানুষের দুর্ভোগ বেড়েছে।
স্থানীয় লোকজন জানান, সড়কটি দিয়ে উপজেলার দক্ষিণাঞ্চলের সাত ইউনিয়ন— আবদুল্লাহপুর, জাফতনগর, ধর্মপুর, বক্তপুর, নানুপুর, রোসাংগিরী ও দৌলতপুরের মানুষকে নিত্য যাতায়াত করতে হয়। প্রতিদিন এখানকার হাজারো মানুষ উপজেলা সদর ও নাজিরহাট বাজারে আসা-যাওয়া করেন। এ ছাড়া চলাচল করে মালবাহী ট্রাক, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যান।
সরেজমিনে দেখা গেছে, বড় গর্তে জমে আছে পানি। দূর থেকে মনে হচ্ছে ডোবা। এর ওপর দিয়ে চলাচল করছে গাড়ি। মালবাহী ট্রাক যাওয়ার সময় কাদাপানিতে একাকার হয়ে যাচ্ছে আশপাশ। সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও রিকশা গর্তের কারণে সড়ক ছেড়ে আশপাশের দোকানঘরের একেবারে পাশ ঘেঁষে চলাচল করছে।
নাজিরহাট বাজারের ব্যবসায়ী সিরাজুদ্দৌলাহ চৌধুরী বলেন, ‘এত বড় বড় গর্ত উপজেলার কোনো সড়কে নেই। মানুষের এত কষ্ট হলেও এ নিয়ে কারও মাথাব্যথা নেই।’
জানতে চাইলে ফটিকছড়ি উপজেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শফিউল্লাহ খান বলেন, ‘সড়কটি আগে আমাদের অধীনে থাকলেও বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি)। তাঁদের সড়কটি সম্পর্কে বলেছি।’
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য প্রকল্প প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে এলাকার লোকজনকে।’