
পেকুয়ার বরইতলী-মগনামা সড়কে ট্রাক রেখে লবণ বোঝাই করায় চলাচলে দুর্ভোগে পোহাচ্ছেন যাত্রীরা। পথ সংকীর্ণ হয়ে প্রায় সময় আটকে যাচ্ছে গাড়ি।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের মগনামা ইউনিয়নের বাজারপাড়া থেকে ফুলতলা পর্যন্ত এক কিলোমিটারজুড়ে সড়কে ট্রাক রেখে লবণ বোঝাই করা হয়। সরু সড়কের বেশির ভাগ অংশ দখল করে ট্রাক দাঁড় করানোর পর পাশের মাঠ থেকে শ্রমিকেরা লবণ বোঝাই করে এনে ট্রাকে তোলেন। এতে অন্যপাশের সংকীর্ণ অংশে ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। একপাশ ঘেঁষে গাড়ি চলাচল করার কারণে দেবে যাচ্ছে সড়ক, যা পরে ভেঙে পড়ছে পাশের নিচু লবণমাঠে। একটি ট্রাকে লবণ বোঝাই করতে সময় লাগে তিন থেকে চার ঘণ্টা। প্রতিদিন গড়ে তিনটি ট্রাকে লবণ বেঝাই করা হয়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ২১ কিলোমিটারের সড়কটি দিয়ে মগনামা ইউনিয়নের পাশাপাশি কুতুবদিয়া উপজেলার বসিন্দারা চলাচল করেন। চট্টগ্রাম ও চকরিয়া আসার জন্য কুতুবদিয়ার মানুষের এটি একমাত্র মাধ্যম। সড়কে প্রতিদিন যাত্রবাহী বাসসহ কমপক্ষে দেড় হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে। সড়কের প্রস্থ মাত্র ১৮ ফুট। এ জন্য একপাশ বন্ধ হয়ে গেলে অন্য পাশে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কারণ সড়কের উভয় পাশে সব নিচু লবণ মাঠ।
গত সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, মগনামা বাজার পাড়ার পশ্চিম অংশে সড়কের ওপর রাখা একটি ট্রাকে ছয়জন শ্রমিক লবণ বোঝাই করছেন। এ সময় সড়কের একপাশ দিয়ে পেকুয়া ও মগনামামুখী গাড়িগুলো গন্তব্যে যাচ্ছে ঝুঁকি নিয়ে। এ কারণে অনেক যাত্রীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
জিপের (টাটা ম্যাজিক) যাত্রী ও কুতুবদিয়ার বাসিন্দা এইচ এম এহেসান বলেন, কুতুবদিয়া উপজেলার মানুষ সড়কপথে জেলা ও বিভাগীয় শহরে যেতে সড়কটি ব্যবহার করেন। কিন্তু সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে লবণ বোঝাই করে সব যাত্রীকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন লবণ ব্যবসায়ীরা।
বরইতলী-পেকুয়া-মগনামা সড়ক সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক বলেন, মগনামার বাজারপাড়া থেকে ফুলতলা স্টেশন পর্যন্ত প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। লবণপানি পড়ে পিচ্ছিল হয়ে যাচ্ছে সড়ক। এর ফলে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মগনামা ইউপির বাজারপাড়া এলাকার সদস্য নূর মোহাম্মদ বলেন, বাজারপাড়া থেকে ফুলতলার এক কিলোমিটারের মধ্যে পাঁচ-ছয়টি দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি লবণ ব্যবসায়ীদের জানানো হয়েছে। তাঁরা এসব কথা কানেও তোলেন না।
মগনামা লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল আজিম বলেন, ‘সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে রেখে লবণ বোঝাই করছেন মাত্র চারজন ব্যবসায়ী। আমরা কয়েকবার নিষেধ করেছি। কথা শোনেননি তাঁরা। পরে আর কোনো দুর্ঘটনা হলে আমরা দায়ী থাকব না।’
জানতে চাইলে লবণ ব্যবসায়ী তোফায়েল আহমদ বলেন, ‘বাজারপাড়া এলাকায় সড়কের ওপর দাঁড় করিয়ে লবণ তুলতে পারলে খরচ অনেক কমে যায়। নিজেদের সুবিধার জন্য এ কাজ করি। তবে সড়কটির আশপাশে কোনো বসতবাড়ি না থাকায় এক পাশে ট্রাক দাঁড় করালেও অন্য পাশ দিয়ে ঠিকই নির্বিঘ্নে গাড়ি চলাচল করছে। এতে কারও অসুবিধা হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘অসুবিধা হলে পুলিশ আছে, ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) আছেন, তাঁরা আমাদের নিষেধ করতেন।’
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের চকরিয়ার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আহসান বলেন, সড়কটিতে পাঁচ টনের বেশি ওজনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আছে। কিন্তু এসব মানছেন না কেউ। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও থানাকে জানানো হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, ‘বিষয়টি আমার নজরে ছিল না। ব্যস্ততম সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে লবণ বোঝাই করাটা অন্যায়। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’