সড়কের ওপর দিয়েই পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ইপিজেড মোড়ে সড়ক পারাপারের জন্য দুটি সেতু (ফুটওভারব্রিজ) আছে। কিন্তু খুব কম লোকই ব্যবহার করে সেতু। সবাই সড়কের ওপর দিয়েই পার হয়। ফলে ব্যস্ত এ মোড়ে যানজট লেগে থাকে। আর ঘটছে দুর্ঘটনা।এখানে সকাল-সন্ধ্যাই যেন জনস্রোত। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) বিভিন্ন কারখানার হাজার হাজার শ্রমিক যাওয়া-আসা করেন। সকালে শ্রমিকদের কারখানায় যাওয়ার আর ছুটির পর বাড়ি ফেরার তাড়া। এর মধ্যে যাত্রী ওঠানামায় চলে বাসগুলোর প্রতিযোগিতা। ফলে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হন হাজারো শ্রমিক।সরেজমিনে দেখা যায়, ৫০ থেকে ৬০ গজ দূরত্বের মধ্যে রয়েছে দুটি হাঁটার সেতু। কিন্তু সড়ক পারাপারে সেতু কেউ ব্যবহার করে না। মাঝেমধ্যে দু-একজন সেতু দিয়ে পার হয়। কম ব্যবহার হওয়ায় সেতু দুটি এখন ভাসমান মানুষের ঘুমানোর স্থানে পরিণত হয়েছে। এদিকে শ্রমিকেরা সড়কের ওপর দিয়ে পার হওয়ায় যানজট লেগেই আছে। সিইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিক রূপায়ণ বড়ুয়া বলেন, ‘ওভারব্রিজ দিয়ে গেলে সময় বেশি লাগে। তাই রাস্তার ওপর দিয়ে পার হই। একটু ঝুঁকি আছে, কিন্তু কী করব। আমদের তো তাড়া থাকে।’ স্থানীয় দোকানদারেরা জানান, সন্ধ্যা হলে এখানে বসে ভাসমান পতিতা ও মাদকসেবীদের আড্ডা। ফলে সাধারণ মানুষ ভয়েও সেতুতে ওঠে না।যানজটে আটকে থাকা সিটিবাসের আরোহী মো. শাকিল বলেন, ‘প্রতিদিন এই জায়গাটাতে এসে প্রায় আধা ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়। ফলে অফিসে যেতে দেরি হয়ে যায়।’ জানা যায়, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা এড়াতে শ্রমিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিন কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এই সেতু দুটি নির্মাণ করা হয়। এগুলো উদ্বোধন করা হয় ২০০৭ সালের ২৪ এপ্রিল। উদ্বোধনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে রশি দিয়ে সড়ক পারাপারের খালি জায়গাটুকু বন্ধ করে দেওয়া হয়। ফলে সবাইকে বাধ্য হয়ে সেতু দিয়ে পার হতে হতো। কিন্তু পরে সবকিছু আগের অবস্থায় চলে যায়।এ প্রসঙ্গে ইপিজেড এলাকায় কর্তব্যরত সার্জেন্ট এমদাদুল হক বলেন, ‘পাশাপাশি দুটি ওভারব্রিজ থাকার পরও তারা সেগুলো ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। তাদের বারবার নিষেধ করার পরও ইচ্ছেমতো রাস্তা পার হতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করে।’ তিনি বলেন, ‘প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা আর সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই এলাকার যানজট নিয়ন্ত্রণে আমাদের হিমশিম খেতে হয়। চারদিক থেকে বিভিন্ন গার্মেন্টস কোম্পানির গাড়ির চাপ, অপরদিকে এসব গাড়ির মাঝখানে ঝুঁকি নিয়ে শ্রমিকদের যাতায়াতের ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন চোখের সামনে অনেককেই গুরুতর এবং হালকা আহত হতে দেখি।’বন্দর থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ইপিজেড মোড়ে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে নিহত হন একজন পোশাককর্মী। এ ছাড়া একদিন পর ২৮ আগস্ট বাসের ধাক্কায় আহত হন অপর দুই শ্রমিক। এ ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানস বড়ুয়া বলেন, ‘সিইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকের সংখ্যা আরও অধিক। কিন্তু তাঁদের অধিকাংশই থানায় কোনো অভিযোগ করেন না। শুধু গুরুতর আহত হলে কিংবা মারা গেলে আমরা জানতে পারি।’