সড়কের ওপর পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতি বুধবার এলে বাঘাইছড়ির টাউন এলাকা পার হতে হিমশিম খেতে হয়। সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়ে। লেগে থাকে যানজট। কারণ রাস্তার ওপর বসে পশুর হাট। গাড়ি চালাতে হয় খুব সাবধানে। তখন পাঁচ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে আধা ঘণ্টার বেশি।’মারিশ্যা-দীঘিনালা সড়কে চলাচল করা যাত্রীবাহী বাসের চালক নেপাল দে ভোগান্তির চিত্র তুলে ধরেন এভাবে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় মারিশ্যা-দীঘিলানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কের ওপর বসে এ পশুর হাট। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পশুর হাট বসার কথা কাচালং বাজারে। কিন্তু সেখানে হাট না বসিয়ে মডেল টাউন এলাকার মারিশ্যা-দীঘিনালা ও স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে হাট বসানো হয়। এতে সড়কে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। গত দুই মাসে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। অন্যদিকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, এ হাট থেকে পৌরসভা ও জেলা পরিষদ বাজার ফান্ড প্রতি সপ্তাহে টোল আদায় করছে। কিন্তু পশুর হাটের জন্য স্থান করে দিতে পারছে না কেউ। গত বুধবার সরেজমিনে দেখা গেছে, মারিশ্যা-দীঘিনালা ও বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কে দুই পাশে পশুর হাট বসেছে। ব্যস্ত সড়কজুড়ে পশুর ও ক্রেতা-বিক্রেতার ভিড়। এর মধ্যে চলাচল করছে গাড়ি। আসা-যাওয়া করছেন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা।স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন ও দিগন্ত চাকমা বলেন, সপ্তাহের প্রতি বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পশুর হাট বসানো হচ্ছে। এতে যান চলাচলে অসুবিধা ও স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। গবাদিপশুর মল-মূত্রের গন্ধে এলাকার পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ছে। কাচালং বাজার কমিটির সভাপতি মো. আবদুল হাকিম বলেন, গত ১০ বছরে জেলা পরিষদ বাজার ফান্ড ও পৌরসভা কোটি টাকার বেশি টোল আদায় করেছে এ হাট থেকে। কিন্তু এখনো হাট বসার স্থান নির্ধারণ করতে পারেনি। হাট থেকে টোল আদায় করার বিষয়টি স্বীকার করে বাঘাইছড়ির পৌর মেয়র মো. আলমগীর কবির বলেন, ‘পশুর হাটের জন্য স্থান খোঁজা হচ্ছে। বর্তমানে যেখানে হাট বসে তা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা হাট থেকে আদায় করা টোলের টাকা দিয়েই স্থায়ী জায়গা ঠিক করার চিন্তাভাবনা করছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন বলেন, শুনেছি দীর্ঘ কয়েক বছর ধরে জেলা পরিষদ ও পৌরসভা পশুর হাট থেকে টোল আদায় করছে। আগামী মাসিক সমন্বয় সভায় পশুর হাটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।