মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের প্রধান সড়ক ধলঘাটা-মাতারবাড়ি সড়কটি অচল হয়ে রয়েছে ছয় মাস ধরে। গত বর্ষার মৌসুমে প্রাকৃতিক জলোচ্ছ্বাস ও অমাবস্যার জোয়ারের পানিতে বেড়িবাঁধের পাশাপাশি সাত কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে যায়। ওই সড়ক দিয়ে যান চলাচল তো দূরের কথা হেঁটেও চলা যাচ্ছে না। ভাঙা সড়কের ওপর সাঁকো তৈরি করে পারাপার করছে অন্তত ৪০ হাজার মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, ধলঘাটা-মাতারবাড়ি সড়কের মাঝখানে নাসির মোহাম্মদ ডেইল এলাকায় সড়ক ভেঙে পরিণত হয়েছে খালে। ওই ভাঙা সড়কের ওপর দিয়ে স্থানীয় লোকজন একটি বাঁশের সাঁকো নির্মাণ করে তার ওপর দিয়ে চলাচল করছে। গত বুধবার ২৬ ডিসেম্বর সরেজমিন গিয়ে দেখা যায় ১২ ফুট প্রস্থের সড়কটি সংকীর্ণ হতে হতে একটি আলে পরিণত হয়েছে। নাসির মোহাম্মদ ডেইল এলাকায় সড়ক একেবারেই ভেঙে গেছে। ওখানে স্থানীয় লোকজন বাঁশের সাঁকো দিয়ে ভাঙা রাস্তা পার হচ্ছে। স্থানীয় ধলঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের দায়িত্বরত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ইয়াকুব আলী প্রথম আলোকে বলেন, ‘আগে গাড়ি নিয়ে ধলঘাটায় যাওয়া যেত। এখন গাড়ি তো দূরের কথা, হেঁটেও যাওয়া যায় না। তাই সড়কের ওপর সাঁকো তৈরি করতে হলো।’ স্থানীয় ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘এলাকায় বেশ কয়েকটি কালভার্ট নির্মাণসহ রাস্তা ও বেড়িবাঁধ সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার ও জেলা প্রশাসকের কাছে ইতিমধ্যে বেশ কয়েকটি আবেদন করা হয়েছে।’ এ নিয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ না পাওয়ায় ওই সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় জনগণ চরমভাবে দুর্ভোগ পোহাচ্ছেন।