সড়কের ওপর বালুর ব্যবসা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর অন্তত ২০টি স্থানে বালুর ব্যবসা চলছে। এসব স্থানে বালু রাখায় গাড়ি চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। বালু ব্যবসায়ীদের কাছে খোদ প্রশাসনের কর্মকর্তারাও অসহায়। ফলে অভিযান চালানোর পরও অবাধে চলছে ব্যবসা।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের সামনে, মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকা, ডুলাহাজারা বাজারের দক্ষিণ ও উত্তর পাশ, ডুলাহাজারা কলেজের সামনে, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সামনেসহ অন্তত ২০টি স্থানে সড়কের ওপর বালু মজুদ করে রাখা হয়েছে। কিছু স্থানে সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে বালু তোলা হচ্ছে। ফলে সড়কের একপাশ বন্ধ হয়ে গেছে। এ সময় দুই দিক থেকে আসা গাড়ি চলাচল করছে এক পাশ দিয়ে।

জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই বালু ব্যবসার সঙ্গে জড়িত। প্রথমে বিভিন্ন বালুমহাল থেকে তোলা বালু মহাসড়কের পাশে মজুদ করে রাখা হয়। পরে এখান থেকেই বিক্রি করা হয় এসব বালু। এ জন্য তাঁরা কেউ-ই প্রশাসনের অনুমতি নেননি।

খুটাখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, বালু ব্যবসা করার কারণে মহাসড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফলে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সমপ্রতি ইউপি ভবনের সামনে চারজন স্কুলছাত্র আহতও হয়েছে। বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সরেজমিনে দেখানোর পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

হাইওয়ে পুলিশের মালুমঘাট ফাঁড়ির উপপরিদর্শক মো. শফিকুল আজম বলেন, মহাসড়কের একাংশ দখল করে বালু রাখার ফলে গত ১০ মাসে খুটাখালী থেকে মালুমঘাট পর্যন্ত সড়কে অন্তত ২০ থেকে ৩০টি দুর্ঘটনা ঘটেছে। এতে নয় ব্যক্তি নিহতসহ আরও ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, ‘এসব উচ্ছেদে মহাসড়ক পুলিশের পক্ষ থেকে কিছু করার থাকে না। উপজেলা প্রশাসন চাইলে আমি পুলিশ দিতে পারি।’

এদিকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, মহাসড়কের ওপর বালু স্তূপ করে ব্যবসা করা গর্হিত কাজ। এতে পর্যটন এলাকার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যান ও জন চলাচলে ব্যাঘাত ঘটছে। এসব ব্যবসার সঙ্গে যাঁরাই জড়িত, সে যে দলেরই হোক আইনের আওতায় আনা উচিত। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ৫ মে বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মেধাকচ্ছপিয়া ও ডুলাহাজারা কলেজের সামনে থেকে বালুভর্তি চারটি ট্রাক ও এসব ট্রাকের চারজন চালককে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন বলেন, আটক করা ট্রাকমালিক ও চালকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, ‘মহাসড়কের ওপর বালু স্তূপ করে রেখে ব্যবসা করাটা বেআইনি। আমি আগেও দুই থেকে তিনবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছি। তারপরও ব্যবসা বন্ধ হচ্ছে না।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এখানে প্রশাসনের চেয়ে দুর্বৃত্তরা শক্তিশালী। এর পরও আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়েছি। বিষয়টি নিয়ে জেলা ও উপজেলার সমন্বয় সভায় আলোচনা হয়েছে। শিগগির আবার অভিযান চালানোর চেষ্টা করা হবে।’