সড়কের ওপর বিনা মূল্যের ভিটামিন প্যাকেট
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) দেওয়া ভিটামিন ও মিনারেল পাউডারের প্যাকেটে সয়লাব হয়ে গেছে কক্সবাজারের রামু উপজেলার বাইপাস এলাকা। এক সপ্তাহ ধরে এ ধরনের ভিটামিনের অসংখ্য প্যাকেট সড়কের ওপর পড়ে আছে। রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের শরীরে পুষ্টিহীনতা দূর করতে এসব ভিটামিন খাওয়ানো হয়। সরেজমিনে দেখা গেছে, চৌমুহনী স্টেশনের উত্তর পাশে বাইপাস এলাকায় লম্বা সেতুর পাশে অসংখ্য প্যাকেট ঘাসের ওপর পড়ে আছে। রেনাটা লিমিটেডের তৈরি এসব প্যাকেটের নিচে লেখা আছে ইউনিসেফ প্রদত্ত। ওজন ১ গ্রাম। মেয়াদ—নভেম্বর ২০১০ পর্যন্ত।স্থানীয় বাসিন্দা কলেজশিক্ষক ইজত উল্লাহ জানান, ২০ জুলাই সকাল থেকে অসংখ্য প্যাকেট ওই স্থানে দেখা যায়। কম করে হলেও লক্ষাধিক প্যাকেট হবে।শিশুরা এসব প্যাকেট নিয়ে খেলা করছে। অনেক শিশু খেলার ছলে এসব প্যাকেট খুলে নিয়ে মুখে দিচ্ছে। বন্যাকবলিত পরিবারের অনেকে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য এসব প্যাকেট নিয়ে যাচ্ছে বাড়িতে। রাতের অন্ধকারে মেয়াদোত্তীর্ণ এসব ভিটামিনের প্যাকেট এখানে ফেলা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের জাতীয় পুষ্টি কার্যক্রমের আওতায় এসব ভিটামিনের প্যাকেট গ্রামের গর্ভবতী মা ও শিশুদের মাঝে বিনা মূল্যে বিতরণ করত বেসরকারি সংস্থা সার্ড। প্রায় এক বছর প্রকল্পের কার্যক্রম স্থগিত থাকার পর গত বছরের নভেম্বরে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে সার্ডের কার্যালয়টিও বন্ধ। কোনো কর্মকর্তা-কর্মচারীও কর্মরত নেই। জাতীয় পুষ্টি কার্যক্রমের সভাপতি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক জানান, প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় এসব ভিটামিন মেয়াদোত্তীর্ণ হতে পারে।তবে এসব প্যাকেট সড়কের ওপর এভাবে ফেলা উচিত হয়নি।