সড়কের ওপর সাঁকো দিয়ে চলাচল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে যানবাহন চলাচল বন্ধ তিন মাস ধরে। ২১ জুলাই অমাবস্যার জোয়ারে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধের পশ্চিম অংশ ভেঙে গেলে পানি ঢুকে পড়ে লোকালয়ে। এ সময় পানির তোড়ে ভেঙে যায় সড়ক। ক্ষতবিক্ষত সড়কটি এখন জোয়ার হলে পানিতে ডুবে থাকছে। উপায়ান্তর না দেখে স্থানীয় লোকজন সড়কের ওপর সাঁকো বানিয়ে চলাচল করছেন। সড়ক সংস্কারের দাবিতে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছে শাহপরীর দ্বীপ রক্ষা ও উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠন। স্থানীয় লোকজন জানান, তিন মাস হতে চললেও এখনো সড়ক ও বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে না। জোয়ারের সময় ভরাখাল থেকে উত্তরপাড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়ক জোয়ারের পানিতে ডুবে থাকে। এর মধ্যে ৬০ থেকে ৭০ ফুট অংশে সড়কের চিহ্নই নেই। এ ছাড়া জোয়ারভাটা চলছে ১০ গ্রামে। ফলে ওই এলাকার প্রায় ৪০ হাজার মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।শাহপরীর দ্বীপ উত্তরপাড়া গ্রামের গৃহবধূ আমেনা বেগম জানান, স্বামী বিদেশ থাকার কারণে আসন্ন কোরবানি ঈদের বাজার করার জন্য জোয়ারের সময় নৌকা নিয়ে টেকনাফ গেলেও আসার সময় ভাটা হওয়ায় প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে আসতে হয়েছে। সড়কে যানবাহন চলাচল না করায় মালামাল নিয়ে হেঁটে আসতে খুব কষ্ট হয়। নৌকার শ্রমিক আবদুল হক, খোরশেদ আলম, মো. হোসেন, আব্দুল গফুর ও সৈয়দ আলম জানান, গাড়ি চলাচল বন্ধ থাকায় মানুষ এখন নৌকায় করে চলাচল করে বেশি। এ জন্য জোয়ারের অপেক্ষায় থাকতে হয়। ভাটায় নৌকা চালানো যায় না। এদিকে গত রোববার সকাল সাড়ে ১০টায় টেকনাফ পৌর এলাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে শাহপরীর দ্বীপ রক্ষা ও উন্নয়ন পরিষদ সড়ক সংস্কারের দাবি জানায়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি জাহেদ হোসেন। তিনি জানান, শাহপরীর দ্বীপ থেকে প্রায় ২০০ কোটি টাকার সামুদ্রিক মাছ সারা দেশে সরবরাহ করা হয়। তা ছাড়া মাঠে উৎপাদিত লবণ, পান, সুপারি ও তরমুজ বিক্রি করা হয় আরও ৩০০ কোটি টাকার। কিন্তু ২১ বছরে বিভিন্ন সময়ে বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ৮০ কোটি টাকা ব্যয় করলেও দ্বীপবাসী এখনো একটি স্থায়ী প্রতিরক্ষা বেড়িবাঁধ পায়নি। তিনি বলেন, ‘৩০ অক্টোবরের মধ্যে পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ ভাঙা বাঁধ ও সড়ক সংস্কার না করলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হব।’এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ (সওজের) টেকনাফের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুর রশিদ জানান, জরুরি ভিত্তিতে সড়কটি চালু করার জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে সড়ক সংস্কার করা হবে। তবে সংস্কার করতে হবে আগে বেড়িবাঁধ। পাউবো টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, পশ্চিমপাড়ার ভাঙা অংশে রিং বাঁধের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ পাওয়া গেছে। আগামী কিছু দিনের মধ্যে কাজ শুরু করা হবে। এ ছাড়া জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য নকশা প্রণয়নের কাজও চলছে।