সড়কের ওপর হাটবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশের পাঁচ স্থান রোয়াজারহাট, ইছাখালী, গোচরা, শান্তিরহাট ও মরিয়মনগর চৌমুহনী এলাকায় মূল সড়কের ওপরই বসছে হাটবাজার। সপ্তাহে দুই দিন বসে সবজির পাইকারি হাট, আর নিত্যদিন বসে বাজার। সড়কের ওপর বাজার বসায় এসব স্থানে লেগে থাকে যানজট। ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট বাসস্টেশন এলাকায় বাজার বসে প্রতিদিন। এ ছাড়া সপ্তাহের প্রতি শুক্র ও সোমবার বসে সবজির পাইকারি হাট। হাটের দিন সকাল সাতটা থেকে দুপুর পর্যন্ত রাঙ্গুনিয়া ক্লাবের মাঠের সামনে কাপ্তাই সড়কের ওপর চলে সবজি বেচাকেনা। তখন বাধাগ্রস্ত হয় গাড়ি চলাচল। উপজেলা সদর ইছাখালী এলাকায় প্রতি শনি ও মঙ্গলবার হাট বসে। এ হাটে স্থান সংকুলান না হওয়ায় ক্রেতা-বিক্রেতারা কাপ্তাই সড়কের ওপর পণ্য বেচাকেনা করেন। এ ছাড়া গোচরাবাজার, শান্তির হাট ও মরিয়মনগর চৌমুহনী এলাকায়ও সপ্তাহে দুই দিন হাট ও প্রতিদিন বাজার বসে। চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতি সূত্র জানায়, সড়কে রাউজান ও হাটহাজারী উপজেলার অর্ধেক, রাঙ্গুনিয়া ও রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার মানুষ চট্টগ্রাম শহরসহ সারা দেশে যাতায়াত করেন। এ সড়কে প্রায় ২০০টি যাত্রীবাহী বাস, ৭০টি মাইক্রোবাস, এক হাজার ৩০০টি সিএনজিচালিত অটোরিকশা ও শতাধিক মালবাহী ট্রাক চলাচল করে প্রতিদিন। রাস্তার ওপরে হাটবাজার বসায় যানজটের কবলে পড়েন যাত্রীরা। কাপ্তাই সড়কে চলাচল করা শাহ আমানত বিরতিহীন বাস সার্ভিসের চালক ফারুক হোসেন (২৮) বলেন, চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাই লগ গেট পর্যন্ত ৪৯ কিলোমিটার সড়কে যাতায়াত করতে সময় লাগার কথা এক ঘণ্টা ২০ মিনিট। সেখানে এখন সময় লাগছে প্রায় দুই ঘণ্টা। রাউজানের নোয়াপাড়া পথের হাট, রাঙ্গুনিয়া শান্তির হাট, গোচরা, রোয়াজারহাট, ও মরিয়মনগর চৌমুহনী এলাকায় নিত্য যানজটের কারণে ৪০ মিনিট সময় বেশি লাগছে। কোনো কোনো সময় এসব এলাকায় এক ঘণ্টাও পার হয়ে যায়। রাঙ্গুনিয়ার প্রত্যন্ত এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এমন কয়েকজন শিক্ষিকা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পারিবারিক কারণে থাকতে হয় চট্টগ্রাম শহরে। ফলে কর্মস্থলে প্রতিদিন সকালে বাসে করে যেতে হয়। কিন্তু সড়কের ওপর বসা হাটবাজারের কারণে প্রায় প্রতিদিনই যানজটে পড়তে হয়। এতে ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছানো যায় না। চট্টগ্রাম-কাপ্তাই বাস চালক সমিতির সভাপতি শাহ আলম বলেন, কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে হাটবাজার বসার কারণে যানজট ও ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। অথচ প্রশাসন প্রতিবছর ইজারা দিয়ে এসব হাটবাজার থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় করছে। কিন্তু হাটবাজারের স্থান নির্ধারণ করে না দেওয়ায় ক্রেতা-বিক্রেতারা সড়কের ওপর পণ্য বেচাকেনা করছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওপর থেকে রাঙ্গুনিয়া উপজেলার কয়েকটি অংশে হাটবাজার সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিক্রেতারা বেচাকেনার সুবিধার জন্য আবার সড়কের ওপর পণ্য বেচাকেনা করছেন। সড়কের ওপর থেকে হাটবাজার সরানোর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।