সড়কের ওপর ৩২ অবৈধ হাটবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কের প্রায় ৯৫ কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে ৩২ অবৈধ হাটবাজার। সড়কের ওপরের এসব হাটবাজারের কারণে ওই স্থানগুলোতে লেগে থাকে যানজট। দুর্ভোগ পোহান যাত্রী ও চালকেরা। এ ছাড়া দুর্ঘটনাও ঘটছে।

সরেজমিনে দেখা গেছে, শহর থেকে ছয় কিলোমিটার দূরে লিংকরোড এলাকায় একেবারে সড়কঘেঁষে দুই পাশে নির্মিত হয়েছে শতাধিক দোকানপাট। এসব দোকানে লোকজন কেনাকাটা করে সড়কের ওপর দাঁড়িয়েই। ফলে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার ও টেকনাফ সড়কে চলাচলকারী বাসগুলো এখানে এসে আটকে যাচ্ছে। যানজট লেগে থাকছে ঘণ্টার পর ঘণ্টা ।

এ ছাড়া সড়কের বিসিক এলাকা, মিঠাছড়ি, মরিচ্যা বাজার, কোট বাজার, উখিয়া, বালুখালী, উখিয়াঘাট, কুতুপালং, রাজাপালং, হোয়াইক্যং, মৌলভীবাজার, কাঞ্জরপাড়া, উনচিপ্রাং, উলুবনিয়া, নয়া বাজার, মিনা বাজার, নিলা বাজার, খারাংখালী, জাদীমুরা, দমদমিয়া, কেরতলী, নাইটংপাড়া, হেচ্ছারখাল, পানবাজারসহ বিভিন্ন স্থানে অন্তত ৩২টি অবৈধ বাজার বসানো হয়েছে। এসব বাজারে দোকানপাট রয়েছে এক হাজারেরও বেশি।

টেকনাফের ট্রাকচালক সাইফুল ইসলাম (৪৫) বলেন, প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কের ওপরে অবৈধ হাটবাজার বসিয়ে ফলমূল, শাকসবজি, বাঁশ, কাঠসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। এ কারণে পুরো সড়ক মানুষের দখলে চলে যায়। লোকজনকে সরিয়ে ধীরে ধীরে ৯৫ কিলোমিটারের সড়ক পথ শেষ করতে পাঁচ থেকে ছয় ঘণ্টা লেগে যায়। টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী আবুল হাশেম (৩৩) জানান, এই সড়ক দিয়ে মিয়ানমার থেকে আমদানি করা দৈনিক অন্তত ১০ কোটি টাকার পণ্য চট্টগ্রাম-ঢাকা সরবরাহ করা হয়। এখন সড়কের বিভিন্ন স্থানে ১৪টি সেতু সংস্কারের জন্য ভেঙে ফেলা হয়েছে। পাশের বিকল্প সড়ক দিয়ে মালবাহী ট্রাক চলাচল করছে। তার ওপর সড়কের ওপর অবৈধ হাটবাজার ও ২২টির বেশি বাঁক অতিক্রম করতে হয় ঝুঁকি নিয়ে।

অবশ্য এর মধ্যে অবৈধ দোকান উচ্ছেদে তৎপরতা শুরু করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার বেলা ১১টায় টেকনাফ স্থলবন্দরের সামনে সড়কের ওপর থেকে অবৈধ ৩৩টি দোকান উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম বলেন, অবৈধ হাটবাজারের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। গত ১৪ নভেম্বর সকালে উখিয়া কলেজগেট এলাকায় দুটি যাত্রীবাহী জিপের মুখোমুখি সংঘর্ষে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। কক্সবাজার বাস মালিক গ্রুপ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হুদা চৌধুরী জানান, এই সড়কে প্রতিদিন পাঁচ শতাধিক যানবাহন চলাচল করে। অবৈধ হাটবাজারগুলো উচ্ছেদের জন্য সড়ক ও জনপথ বিভাগকে বলা হলেও তারা এ ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে।

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, এই সড়কে ৩০টির বেশি অবৈধ হাটবাজার রয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে অভিযান চালিয়ে উখিয়ার সাতটি বাজার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু কয়েক দিন পর আবার সড়ক দখল করে বাজার বসানো হয়। লোকবলসংকটের কারণে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তা ছাড়া এসব হাটবাজার স্থাপনের পেছনে প্রভাবশালী ও কিছু জনপ্রতিনিধিদের ইন্দন রয়েছে।