সড়কের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেকুয়া উপজেলার অন্তত ১২টি সড়কের দুই পাশে সৃজিত সরকারি বড় বড় গাছ (সবুজ বেষ্টনী) কেটে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা। এতে সড়কের দুই পাশ বিলীন হচ্ছে। পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কোনো তৎপরতা নেই। স্থানীয় লোকজন জানান, উপজেলার বিভিন্ন সমুদ্র উপকূলে কয়েক বছর আগে সৃজিত সামাজিক বনায়নের ৮০ শতাংশ বনাঞ্চল উজাড়ের পর এখন দুর্বৃত্তরা উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশের সৃজিত সবুজ বেষ্টনী নিধনে নেমেছে। সাম্প্রতিক সময়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন টৈটং, মগনামা, পেকুয়া সদর, শিলখালী, বারবাকিয়া সড়ক ও রাজাখালী-মগনামা-উজানটিয়া উপকূলীয় রক্ষা বাঁধসহ প্রায় ১২টি সড়কের দুই পাশে লাগানো সবুজ বেষ্টনীর হাজার হাজার গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সম্প্র্রতি সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার টৈটং মৌলভী বাজার রাস্তার মাথা, বারবাকিয়া কাদিমাকাটা রাস্তার মাথা, পেকুয়া সদরের সাবেক গুলদি রাস্তার মাথা, আঞ্চলিক মহাসড়ক, পেকুয়া বাজারের পূর্ব পাশ থেকে প্রায় তিন শতাধিক বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয় লোকজন জানান, প্রতিরাতেই ১০ থেকে ২০টি করে গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। সরকারি গাছ হওয়ায় কেউ বাধা দেওয়ার প্রয়োজন মনে করছেন না। সওজ বিভাগের লোকজনও এ ব্যাপারে নির্বিকার। এলাকাবাসী গাছ কাটার ব্যাপারে প্রশাসনকে অবহিত করেছেন। তবে প্রশাসনের কর্তাব্যক্তিরা ‘লিখিত অভিযোগ ছাড়া কিছুই করার নেই’ বলে সাফ জানিয়ে দিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি জানান, কতিপয় প্রভাবশালীর যোগসাজশে দুর্বৃত্তরা এই সরকারি গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। প্রতিটি গাছ বিক্রি করলে পাওয়া যায় এক থেকে তিন হাজার টাকা। অনেকে এসব গাছের কাঠ দিয়ে দামি আসবাব তৈরি করছেন। দুর্বৃত্তদের সঙ্গে থানার পুলিশ ও বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগাযোগ থাকায় প্রতিরোধ করাও সম্ভব হচ্ছে না।মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউনুচ চৌধুরী গাছ কাটার ব্যাপারটি নিশ্চিত করে জানান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূল রক্ষাকারী এই সবুজ বেষ্টনীর বিভিন্ন প্রজাতির গাছ ধ্বংসে নেমেছে একটি সিন্ডিকেট চক্র। এতে সামুদ্রিক জলোচ্ছ্বাসে এলাকা বিলীনের পাশাপাশি বেড়িবাঁধেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। ফলে ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ ঝুঁকির মুখে পড়েছে। সবুজ বেষ্টনী দখল প্রসঙ্গে জানতে চাইলে ছনুয়া রেঞ্জের মগনামা উপকূলীয় বন বিভাগের বিট কর্মকর্তা ছৈয়দ আক্তার হোসেন জানান, স্থানীয় প্রভাবশালী ও ভূমিদস্যুরা প্রকাশ্যে বনাঞ্চলের হাজার হাজার গাছ কেটে উপকূলীয় বনাঞ্চল দখলে নিচ্ছে। লোকবল সংকটের কারণে বনকর্মীরা তাদের প্রতিরোধ করতে পারছেন না। তাদের হাতে থাকে ভারী অস্ত্রশস্ত্র। মগনামা বাজারপাড়ায় প্রায় চার একর সবুজ বেষ্টনী উজাড় ও ভূমি দখলের কারণে ভূমি দস্যুদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়। কিন্তু তারপরও বনাঞ্চল উজাড় বন্ধ হচ্ছে না। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সড়কের দুই পাশের গাছ চুরি হচ্ছে সত্যি, কিন্তু এর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। গাছচোরদের বিরুদ্ধে সঠিক তথ্য দিলে গ্রেপ্তার করা হবে।