সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের দুই পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত ২০ দিনে এই সড়কের অন্তত ৩০টি গাছ কাটা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, সম্প্রতি কয়েক দফা হরতালের সময় বিএনপি ও জামায়াতের কর্মীরা সড়কের দুই পাশের গাছ কেটেছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২৫ কিলোমিটার দীর্ঘ গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের ভাঙন ঠেকাতে ১২ বছর আগে স্থানীয় সড়কের দুই পাশে রেইনট্রি, আকাশমণি ও কড়ইগাছ লাগানো হয়। বর্তমানে তদারকি না থাকায় গাছগুলো রাতের অন্ধকারে চুরি হচ্ছে।
ইতিমধ্যে দুর্বৃত্তরা সড়কের দুই পাশ থেকে ছোট-বড় তিন শতাধিক গাছ কেটে নিয়ে গেছে বলে জানা যায়। সর্বশেষ গত ২৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ২০ দিনে এই সড়কের মুরুংঘোনা, জামিরছড়ি, মৌলভীকাটা, ষাইটমারা ও মিঠাছড়ি এলাকা থেকে আরও ৩০টি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
২১ নভেম্বর বিকেলে উপজেলার গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়ক ঘুরে গাছ কাটার প্রমাণ মিলেছে। সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে গাছের কাটা গুঁড়ি দেখা গেছে।
স্থানীয় শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান সরওয়ার বলেন, গত ২৭ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কয়েক দফা হরতালের সময় বিএনপি-জামায়াতের কর্মীরা সড়কে গাছ কেটে ব্যারিকেড দিয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, বন বিভাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মৌখিতভাবে অবহিত করলেও জড়িতদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় শাপলাপুর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে সড়কের গাছ কেটেছে। এর সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকেরা জড়িত নয়।
বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, সড়কের গাছগুলো দেখাশোনার দায়িত্ব উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘হরতাল সমর্থকদের গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।’
মহেশখালী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ বলেন, ইতিমধ্যে গাছ না কাটার জন্য দুবার স্থানীয়ভাবে সালিশি বৈঠক করেছি। এর পরও নতুন করে গাছ কাটা হচ্ছে। এ বিষয়ে এলাকায় খোঁজখবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।