সড়কের চিহ্নই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্বিগুণ ভাড়া দেওয়ার কথা বললেও রিকশাচালকেরা এই সড়ক দিয়ে আসে না। বর্ষা এলে এটি পরিণত হয় ডোবায়। আর শুষ্ক মৌসুমে চলে ধুলোবালির তাণ্ডব। মনে হয় এ সড়কের অভিভাবক নেই।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন নগরের খাজা সড়কের আশপাশের বাসিন্দা নেয়ামত খান ও ফিরোজ আলম। সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহ আমানত সেতু সংযোগ সড়কের এক কিলোমিটার থেকে বহদ্দারহাট বাস টার্মিনাল পর্যন্ত অংশটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কাদা আর পানিতে একাকার হয়ে গেছে পুরো সড়ক। অটোরিকশা বা রিকশা কোনোটিই চলাচল করছে না এই সড়ক দিয়ে। পিচ উঠে গিয়ে সড়কের কোনো চিহ্ন নেই। আধা কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে কমপক্ষে আধঘণ্টা।স্থানীয় লোকজন জানান, তিন মাস ধরে সড়কের এই অংশটি মেরামতের জন্য সিটি করপোরেশন নালা নির্মাণকাজ অব্যাহত রেখেছে। কিন্তু কাজ চলছে শ্লথগতিতে। ঠিকমতো সংস্কার না হওয়ায় সড়কের এ অংশটি বারবার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ড্রেনেজ সিস্টেম না থাকায় এ সড়কটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অংশটিতে নালা নির্মাণ ও অবকাঠামোগত নির্মাণখাতে তিন কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যেই নালা নির্মাণকাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। সড়কের এই অংশটি বারবার বেহাল অবস্থায় পরিণত হওয়া প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজাম উদ্দীনও একই মন্তব্য করেন। তিনি বলেন, ‘সড়কের উভয় পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে যেকোনো সড়কই বারবার খারাপ হবে। এরপরও আমরা চান্দগাঁও থানার মোড় থেকে বহদ্দারহাট অংশটি যথাযথভাবে উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছি।’ সূত্র জানায়, ১৯৯৪ সালে এই সড়কটি নির্মাণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এরপর একই বছর এটি বুঝিয়ে দেওয়া হয় সিটি করপোরেশনকে। চউকের প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার এ প্রসঙ্গে বলেন, ১৯৯৫ সালে এই সড়কটি করপোরেশনকে বুঝিয়ে দেওয়ার পরও চউকের টাকা দিয়ে দুবার সড়কটি মেরামত করা হয়।’ সড়কের এ অবস্থায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। জেরিন গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ লিটন বলেন, ‘এই সড়ক দিয়ে ক্রেতা আসে না। এখানে প্রায় শতাধিক ওয়ার্কশপ, ফার্নিচার, টায়ার ও ক্ষুদ্রশিল্পের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সড়কের বেহাল দশার জন্য আমাদের ক্ষতি হচ্ছে বেশি।’ ইমতিয়াজ হোসেন নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘এই সড়ক দিয়ে আন্তজেলা, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া রুটের গাড়ি ছাড়া আর কিছুই চলে না। তা-ও তাদের চলতে হয় বাধ্য হয়ে। কারণ টার্মিনালে যাওয়ার বিকল্প কোনো সড়ক নেই।’ কক্সবাজার রুটের বাসচালক নুরুল আমিন বলেন, ‘সড়কে অসংখ্য খানা-খন্দ সৃষ্টি হওয়ায় গাড়ির স্প্রিং, টায়ার রিংসহ মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হচ্ছে প্রতিদিন।’ মিনিবাস মালিক বুলবুল আহমেদ বলেন, ‘১৯ মার্চ এই সড়ক দিয়ে টার্মিনাল যাওয়ার সময় আমার একটি মিনিবাসের স্প্রিং ভেঙে যায়। এরপর গত এক সপ্তাহ ধরে গাড়িটি পড়ে আছে গ্যারেজে।’ চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘অনেক দেন-দরবারের পর সিটি করপোরেশন সড়কটির সংস্কার কাজ শুরু করেছে। আমরা চাই সংস্কার কাজ দ্রুত শেষ হোক।’