সড়কের দুরবস্থা জলাবদ্ধতা ও যানজট পটিয়া পৌরসভায়
পটিয়া পৌরসভার স্টেশন সড়ক সাত-আট বছর ধরে চলাচলের অনুপযোগী ছিল। বছরখানেক আগে সড়কের পটিয়া ক্লাবের মোড় থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত মেকাডাম করা হয়। কিন্তু পিচ ঢালাই (কার্পেটিং) না হওয়ায় বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত হয়ে সড়কটি আবারও আগের অবস্থায় ফিরে গেছে। পানি নিষ্কাশনের জন্য নালা-নর্দমা না থাকায় সামান্য বৃষ্টি পড়লে কাদাপানিতে সয়লাব হয়ে যায় পুরো সড়ক। ফলে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। চাকরিজীবী মোহাম্মদ শাহরুখ ও কলেজছাত্র মোহাম্মদ আমজাদ হোসাইন ক্ষোভের সঙ্গে বলেন, ‘প্রথম শ্রেণীর পৌরসভার রাস্তাঘাট কি এ ধরনের হয়? গ্রামের রাস্তা-ঘাট এর চেয়ে আরও ভালো থাকে।’ একই অবস্থা পটিয়া শহীদ ছবুর সড়কের। স্থানীয় দোকান মালিক সমিতির সভাপতি এমএ ইউসুফ বলেন, ‘চার মাস হয়নি সড়কে পিচঢালাই করা হয়েছে। কিন্তু বিভিন্ন স্থানে গর্ত হয়ে এটি আবারও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।’ স্থানীয় লোকজনের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় কাজ টেকসই হয়নি। গোবিন্দারখিল এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, গোবিন্দারখিল, কেলিশহর ও হাইদগাঁও ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম আমির ভান্ডার-ফইল্যাতলী সড়ক। তিন বছর আগে সড়কটি সংস্কারের তিন-চার মাস না যেতেই আগের মতো হয়ে গেছে। ফলে এ সড়ক দিয়ে খুব সহজে যানবাহন যেতে চায় না। একই অবস্থা হয়েছে ফইল্যাতলী থেকে পাঠানপাড়া সড়ক এবং বিওসি রোড থেকে ফইল্যাতলী পর্যন্ত সংস্কার করা সড়কের।সরেজমিনে দেখা যায়, পৌরসভার অধিকাংশ সড়কের অবস্থা করুণ। পিচ ঢালাই উঠে গিয়ে গর্ত সৃষ্টি ছাড়াও কোনো কোনো সড়কের এক পাশ কিংবা দুপাশ দেবে গিয়ে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যান চলাচল। শহীদ ছবুর সড়ক, স্টেশন রোড, ক্লাব রোড, আদালত রোড, ওয়াপদা রোডসহ পৌর এলাকার বিভিন্ন সড়কের কোনো কোনো স্থানে মূল সড়ক পর্যন্ত দখল করে বেচাকেনার হাট বসিয়েছেন দোকানিরা। থানা সড়কসহ বিভিন্ন সড়কের ওপর সিএনজি অটোরিকশা, টেম্পো, রিকশাসহ বিভিন্ন যানবাহন এমন এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে যে, ভয়াবহ যানজটের কারণে কোথাও স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ নেই। এ অবস্থায় বিভিন্ন এলাকা থেকে ঈদের বাজার করতে আসা লোকজনসহ পৌর এলাকার নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের ডাকবাংলো মোড়, খাসমহাল থেকে মুন্সেফ বাজার, সাবরেজিস্ট্রার কার্যালয় থেকে পল্লিবিদ্যুতের কার্যালয়, ডাকবাংলো থেকে বিওসি রোডের খাদ্যগুদাম, আমির ভান্ডার এলাকা, ফইল্যাতলী, খাস্তগীরপাড়া, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সড়কসহ বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পটিয়া আমির ভান্ডার-কেলিশহর-হাইদগাঁও সড়ক, সূত্রধরপাড়া সড়ক, দক্ষিণ গোবিন্দারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাহুলী সংযোগ সড়ক, সাবরেজিস্ট্রার বাড়ি থেকে করল-বাকখাইন সড়কের অবস্থা খুবই খারাপ। প্রায় সময় যন্ত্রাংশ নষ্ট হয়ে যানবাহন চলাচল ব্যাহত হয় এসব সড়কে। সড়কের পাশে পর্যাপ্ত জায়গা না রেখে ঘরবাড়ি, দোকান ও বিপণিকেন্দ্র নির্মাণ করায় বেশির ভাগ সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এমনকি অনেকে সড়ক দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সেয়ানপাড়া গ্রামের গাজী মোস্তাক জানান, ১০ বছর আগে বাইতুন নূর জামে মসজিদ থেকে ঠেগরপুনি সড়কের প্রায় দেড় কিলোমিটার মেকাডাম করা হলেও এখনো পিচঢালাই করা হয়নি। খাস্তগীরপাড়ার মোহাম্মদ ফারুক বলেন, ‘খলিলুর রহমান ডিগ্রি কলেজ ফটক থেকে খাস্তগীরপাড়া সড়কটি চার বছরেও পিচঢালাই না করায় বর্ষায় সড়কের দারোগা বাড়ি থেকে ধোপা পুকুরপাড় পর্যন্ত খালে পরিণত হয়।’৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান বলেন, ‘পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসাসংলগ্ন অন্নদা দত্ত সড়ক থেকে বিওসি রোড সংযোগ সড়কটি এক যুগে সংস্কার হয়নি। ফলে এলাকার মানুষ খুব কষ্টে আছেন।’৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘আমার এলাকার পাঁচ কিলোমিটার সড়ক এখনো কাঁচা রয়েছে। এ ছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে এলাকার রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ঢোকে। অনেকে সড়ক দখল করে বাড়িঘর নির্মাণ করায় শীলপাড়া, ব্রাহ্মণপাড়া সড়কসহ বিভিন্ন সড়ক দিয়ে রিকশা পর্যন্ত চলাচল করতে পারে না।’যোগাযোগ করলে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মধুসূদন দাশ বলেন, ‘পৌর এলাকায় পর্যাপ্ত নালা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া পৌরসভার অনুমোদনবিহীন বাড়িঘর নির্মাণ করায় রাস্তাঘাট সংকুচিত হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়।’ তিনি জানান, পৌরসভার রাস্তাঘাট সংস্কার ও পানি নিষ্কাশন নিশ্চিত করার জন্য পাঁচ কোটি টাকার একটি মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) তৈরি করে বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) বরাবরে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে আর সমস্যা থাকবে না। পৌরসভার মেয়র নুরুল ইসলাম বলেন, ‘স্টেশন রোডে কার্পেটিং কাজের জন্য দুমাস আগে দরপত্র আহ্বান করা হয়েছে। ব্যবসায়ীদের অনুরোধে ঈদের পর এ সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু হবে। আমির ভান্ডার সড়কের জন্য শিগগির দরপত্র আহ্বান করা হবে। এ ছাড়া অন্য সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে।’ তিনি জানান, কিছু লোক পৌরসভার অনুমোদন না নিয়ে বাড়িঘর ও বিপণিকেন্দ্র নির্মাণ করায় জলাবদ্ধতা হচ্ছে। ইতিমধ্যে পৌরসভার মাস্টারপ্ল্যান তৈরি হয়ে গেছে। আগামী দিনে প্ল্যান অনুযায়ী পৌরসভার সব কাজ হবে।