উখিয়ার বটতলীতে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে চলছে পশু জবাই। জবাইয়ের পর পরিষ্কার করা হয় না বর্জ্য। এ কারণে দুর্গন্ধে পথচলা দায় হয়ে পড়েছে পথচারীদের—ছড়াচ্ছে নানা রোগব্যাধি। জানা যায়, কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে কয়েক বছর আগে গড়ে উঠেছে পশু জবাইখানা। এখানে সপ্তাহে দুদিন গরু, ছাগল ও মহিষ জবাই করা হয়। অথচ জবাইখানার ১০০ গজের মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উখিয়া বালিকা উচ্চবিদ্যালয়। উখিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা খানম জানান, জবাইখানার দুর্গন্ধে শিক্ষার্থীরা নাক চেপে চলাফেরা করে। প্রায়ই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তিনি জবাইখানা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান। বটতলী গ্রামের ঠিকাদার ফরিদুল আলম জানান, ‘পশু জবাইয়ের পর কসাইরা বর্জ্য ঠিকমতো পরিষ্কার করে না। ফলে উৎকট দুর্গন্ধে আশপাশের বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত। এ নিয়ে বারবার অভিযোগ দেওয়ার পরও উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ প্রসঙ্গে উপজেলা স্যানিটারি পরিদর্শক নুরুল আলম বলেন, ‘এ সমস্যায় আমাদেরও পড়তে হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কসাইদের সতর্কতা মূলক নোটিশ দেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, প্রধান সড়কের পাশে জবাইখানার স্থান নির্বাচন করা ঠিক হয়নি। যাতায়াতের সময় পচা বর্জ্যের দুর্গন্ধে নিজেও অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্যানিটারি পরিদর্শককে বলা হয়েছে।