সড়কের পাশে চামড়ার আড়ত
খোলা আকাশের নিচে রাস্তার পাশেই পশুর চামড়ায় লবণ ছিটাচ্ছেন শ্রমিকেরা। চামড়া থেকে ছড়ানো পচা মাংস নিয়ে টানাটানি করছে কুকুর ও কাক । ছড়িয়ে-ছিটিয়ে আছে চামড়ার নানা বর্জ্য। আশপাশে তীব্র দুর্গন্ধ। লোকজন চলাচল করছেন নাকে কাপড় গুঁজে। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী বাসস্টেশন এলাকার চামড়ার আড়তের সামনের গত সোমবারের চিত্র এটি। অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি চামড়ার আড়তের পরিবেশ দূষণ এখন মারাত্মক আকার ধারণ করেছে। স্থানীয় লোকজন জানান, চৌমুহনী বাস স্টেশনের পূর্ব দিকে গড়ে উঠেছে এ ছয়টি চামড়ার আড়ত। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব আড়তের মালিক। চামড়া ব্যবসায়ীরা রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন বাজার ও প্রত্যন্ত এলাকা থেকে পশুর চামড়া কিনে এনে প্রথমে আড়তের সামনে খোলা আকাশের নিচে মাটিতে বিছিয়ে রাখে। এরপর লবণ ছিটিয়ে সংরক্ষণ করা হয় আড়তে। এসব আড়তে অবকাঠামো বলতে কিছুই নেই। বেড়ার তৈরি দোকানঘরকে বানানো হয়েছে আড়ত। মরিয়মনগর ইউনিয়নের জেলেপাড়ার মনমোহন জলদাস জানান, চৌমুহনী বাসস্টেশন থেকে মাত্র ৮০ গজের মধ্যে তাঁদের গ্রাম। ফলে আড়ত থেকে ছড়িয়ে পড়া চামড়ার দুর্গন্ধে ঘরে থাকাও দায় হয়ে পড়েছে। বিষয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়েছে। মাইজপাড়া গ্রামের ব্যবসায়ী সাজ্জাদ হোসেন (৩২) বলেন, ব্যবসার কাজে কাপ্তাই সড়কে বাসযোগে চট্টগ্রাম শহরে প্রতিদিন যাওয়া-আসা করতে হয়। বাসে উঠতে হয় চৌমুহনী বাস স্টেশনে থেকে। কিন্তু আড়তে রাখা চামড়ার দুর্গন্ধে প্রাণটা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। জানা যায়, চৌমুহনী স্টেশনে বাস থামে চামড়ার আড়তের সামনে। এ ছাড়া চারপাশে রয়েছে মরিয়মনগর ইউনিয়নের তিনটি গ্রাম। স্টেশন ঘিরে রয়েছে দেড় শতাধিক দোকান। স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় থাকে রিকশা, অটোরিকশা, মাইক্রোবাস ও জিপ। চামড়ার পচা দুর্গন্ধে বিড়ম্বনার শেষ নেই। অথচ এসব আড়াতের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাগলা মামা চামড়ার আড়তের মালিক ফজল করিম বলেন, ‘ব্যবসা যখন করছি আড়ত তো থাকবেই। এতে যাদের অসুবিধা হচ্ছে, তাদের জন্য ব্যবসা বন্ধ করে দিতে হবে নাকি? ব্যবসার জন্য অনুমতিপত্র (লাইসেন্স) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘লাইসেন্স ও ছাড়পত্র কী এতসব বুঝি না।’ একই কথা বলেন খাজা চামড়ার আড়তের মালিক জাহাঙ্গীর আলমও। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, পশুর চামড়া দ্রুত পচনশীল। যা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো দরকার। কিন্তু মরিয়মনগর চৌমুহনী বাজারে নির্মিত আড়তের একটিতেও প্রয়োজনীয় অবকাঠামো নেই। নেই চামড়া সংরক্ষণে পরিবেশ বান্ধব ব্যবস্থাও। ফলে দুর্গন্ধে এলাকার পরিবেশ ভারী থাকে সব সময়। যা জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন বলেন, জনকোলাহল এলাকায় গড়ে তোলা অরক্ষিত চামড়ার আড়তগুলো নিরাপদ করার জন্য বহুবার বলা হয়েছে। তাতে কোনো রকম কর্ণপাত করছে না কেউ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকতাকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, লোকালয়ে চামড়ার আড়ত করার ব্যাপারে পরিবেশগত বিধিনিষেধ রয়েছে। আড়ত উচ্ছেদসহ আইন অমান্যকারী আড়তদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।