কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিভিন্ন সড়কের পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ৭ ও ৯ এপ্রিল শাহপরীর দ্বীপ-টেকনাফ-কক্সবাজার সড়ক ও টেকনাফ-বাহারছড়া সড়কের নিলা এবং লেঙ্গুরবিল এলাকা থেকে দুর্বৃত্তরা ৩০টি বড় গাছ কেটে নিয়ে গেছে। এ নিয়ে ১৫ দিনে সড়কের পাশ থেকে দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে প্রায় দুই শতাধিক গাছ।স্থানীয় লোকজন জানান, সন্ধ্যা নামলেই গাছ কাটার অভিযানে নামে দুর্বৃত্তরা। এতে কেউ বাধাও দেওয়ার সাহস করে না। গাছগুলো কেটে তারা এলাকার প্রভাবশালীদের কাছে বিক্রি করে। উপজেলার শাহপরীর দ্বীপ-টেকনাফ-কক্সবাজার ও টেকনাফ-বাহারছড়া সড়কের সাবরাং, নয়াপাড়া, দক্ষিণ নয়াপাড়া, সিকদারপাড়া, দক্ষিণ শীলবনিয়াপাড়া, নিলা ও লেঙ্গুরবিল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে সড়কের পাশের ছোট-বড় গাছ। কয়েকটি সড়ক থেকে নির্বিচারে গাছ কাটা হলেও বন বিভাগ মাত্র দুটি মামলা করে দায় সেরেছে।জানা যায়, আট থেকে ১০ বছর আগে বন বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কের দুই পাশে গাছগুলো রোপণ করে। এ ব্যাপারে জানতে চাইলে নিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর কাশেম ও সাবরাং ইউপির চেয়ারম্যান হামিদুর রহমান জানান, পুলিশ ও বন বিভাগকে গাছ কাটার বিষয়টি তাঁরা জানিয়েছেন। কারণ, গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাঁদের নেই।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, ‘সড়কের গাছ নিধনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় স্থানীয় কিছু প্রভাবশালী জড়িত রয়েছেন। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’জেলা দক্ষিণ বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান বলেন, ‘পর্যাপ্ত লোকবল না থাকায় সঠিক সময়ে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। এসব গাছ নিধন প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে।’ এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’