সড়কের পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা
কক্সবাজারের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। রাতে আঁধারে এসব গাছ কাটা হচ্ছে। এক মাস ধরে গাছ কাটা চললেও বন বিভাগ এখনো কাউকে চিহ্নিত করতে পারেনি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের সাবরাং ইউনিয়ন কমপ্লেক্স ও সাবরাং কমিউনিটি সেন্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় গাছ কাটা পড়েছে বেশি। এই এলাকায় বিভিন্ন প্রজাতির ২০ থেকে ২৫টি কাটা গাছের গোড়া পড়ে আছে। এ ছাড়া সড়কের অন্য স্থানেও দুই শতাধিক গাছ কাটা পড়েছে। সব কটি গাছে করাত দিয়ে কাটার চিহ্ন রয়েছে।
উপকূলীয় বন বিভাগ সূত্র জানায়, ১৯৯৪ সালে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের পাশে শীলবনিয়াপাড়া থেকে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পর্যন্ত বনায়ন করা হয়। ওই সময় রোপণ করা হয় আকাশমণি ও কড়ই প্রজাতির ১৫ হাজার গাছ।
সড়কের চলাচলকারী অটোরিকশাচালক নুরুল হক বলেন, গাছ কেটে দুর্বৃত্তরা খোলা জিপে করে টেকনাফের করাতকলে নিয়ে যায়। সেখানে চিরাইয়ের পর স্থানীয় আসবাবের দোকানে বিক্রি করা হয়। বন বিভাগ ইচ্ছা করলে সহজেই গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পারে।
সাবরাং ডেইলপাড়া গ্রামের বাসিন্দা আবদুুর রহিম বলেন, এক মাস ধরে প্রতি রাতে সড়কের কোনো না কোনো স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সব্বির আহমদ বলেন, গাছগুলো সড়কের ভাঙন রোধ করে আসছিল। গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি গাছচোরদের প্রতিরোধে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইউপির চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, ‘কয়েক দিন আগে স্থানীয় লোকজনের কাছ থেকে সড়কের গাছ কেটে নেওয়ার বিষয়টি শুনেছি। এরপর উপকূলীয় বন বিভাগকে জানানো হয়।’ তিনি জানান, কারা গাছ কেটে নিচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
টেকনাফ উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মুজিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। নাম-পরিচয় পাওয়া গেলে মামলা করা হবে।