সড়কের পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা
কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর সড়কের দুই পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে কাটা হচ্ছে এসব গাছ। সড়ক টেকসই করতে উপজেলা প্রকৌশল কার্যালয়ের উদ্যোগে এসব গাছ রোপণ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার সড়কের ছোট মহেশখালী ইউনিয়নের বড় খোলা, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি, কায়দাবাদ ও জনতা বাজার এলাকায় ছোট-বড় ৮৫টি গাছ কাটা পড়েছে। এসব স্থানে পড়ে আছে কাটা গাছের গোড়া।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, ২৫ কিলোমিটারের সড়কটি টেকসই করতে ২০০২ সালে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে দুই পাশে প্রায় দুই হাজার গাছ রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে শিরীষ, আকাশমণি ও কড়ই।
শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ির বাসিন্দা আমির হোসেন ও নুরুল আমিন বলেন, সড়কের পাশের গাছগুলো দিন দিন বড় হতে থাকলে দুর্বৃত্তদের নজরে পড়ে। এখন রাতের অন্ধকারে সড়কের কোনো না কোনো স্থানে প্রতিদিন গাছ কাটা হচ্ছে। অথচ এ ব্যাপারে কারও মাথাব্যথা নেই। গাছের পরিচর্যা হলেও পাহারা দেওয়ার ব্যবস্থা করতে না পারায় গাছগুলো রক্ষা করা যাচ্ছে না। স্থানীয় শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওচমান সরওয়ার বলেন, সম্প্রতি রাতে আঁধারে গাছ কাটার সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করে প্রায় ৩০ ফুট আকাশমণি কাঠ উদ্ধার করে। তবে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জানতে চাইলে বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, সড়কের গাছগুলো দেখভালের দায়িত্ব উপজেলা প্রকৌশলীর। ফলে দুর্বৃত্তরা গাছ কেটে নিয়ে গেলেও তাঁদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বলেন, এসব গাছ পাহারা দেওয়ার দায়িত্ব স্থানীয় ইউনিয়ন পরিষদের। কিন্তু ইউনিয়ন পরিষদ পাহারা না দেওয়ায় দুর্বৃত্তরা রাতে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে। এরপরও গাছ কাটা বন্ধসহ কারা জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক বলেন, ‘গাছ পাহারা দেওয়ার ব্যাপারে উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে আমাদের কিছু বলা হয়নি।’