সড়কের মাটিতে ভরাট হচ্ছে পুকুর-দিঘি ও জমি
কথা ছিল সড়ক সম্প্রসারণের জন্য খোঁড়া মাটি সড়কের কাজেই ব্যবহূত হবে। কিন্তু এ মাটি দিয়ে চলছে পুকুর-দিঘি ও জমি ভরাটের কাজ। প্রতি ট্রাক মাটি বিক্রি হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকায়। চার মাস ধরে মাটি বিক্রির রমরমা বাণিজ্য চলছে হাটহাজারী সড়ক সম্প্রসারণকাজে। মাটি ছাড়াও রাস্তা খুঁড়ে পাওয়া পরিত্যক্ত বৈদ্যুতিক তারও (কেব্ল) রাতের আঁধারে গায়েব হচ্ছে। অভিযোগ রয়েছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ এবং সড়ক সম্প্রসারণকাজে নিয়োগ দেওয়া আনোয়ার পপুলার নামে একটি প্রতিষ্ঠানের যোগসাজশে এ কাজ চলছে। তবে সওজ ও পুলিশের কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। সওজের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ এ প্রসঙ্গে বলেন, ‘সড়কের মাটি সড়কের কাজেই ব্যবহূত হবে। কোনো অবস্থাতেই এ মাটি বিক্রি করা যাবে না।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আনোয়ার পপুলারের বিরুদ্ধে ইতিমধ্যে কাজে অনিয়মের সংবাদ পেয়েছি। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ নাম প্রকাশ না করে সওজের এক কর্মকর্তা বলেন, ‘কুলগাঁও এলাকায় মাস দুয়েক আগে খননযন্ত্রের (অ্যাসকেবেটর) চালককে সন্ত্রাসীরা মাথায় পিস্তল ঠেকিয়ে বিপুল পরিমাণ পরিত্যক্ত (রাস্তা খুঁড়ে পাওয়া) বৈদ্যুতিক তার লুট করে। এ সময় পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম পাল্টা প্রশ্ন করে বলেন, ‘তাহলে তাঁরা (সওজ) পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন না কেন? পরস্পর মিলে মাল কামান তাঁরা, বদনাম চাপে পুলিশের ঘাড়ে।’ এ প্রসঙ্গে সওজের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তাঁর লুটপাটের বিষয়টি আমরা পিডিবিকে একাধিকবার অবহিত করেছি। কিন্তু তারা (পিডিবি) কোনো ব্যবস্থা নেয়নি।’ হাটহাজারী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল করিম প্রথম আলোকে বলেন, ‘পরিত্যক্ত এ বৈদ্যুতিক তার চুরি বা লুটপাটের বিষয়টি আমাদের জানা নেই।’ ঠিকাদারি প্রতিষ্ঠান আনোয়ার পপুলারের তত্ত্বাবধায়ক আনসার আলীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘মাটি বিক্রি বা বৈদ্যুতিক তার চুরির বিষয়ে আমি কিছুই জানি না।’ জানা যায়, গত বছরের ৫ নভেম্বর হাটহাজারী সড়ক সম্প্রসারণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। ১২ নভেম্বর থেকে সড়ক সম্প্রসারণের জন্য মাটি খোঁড়া শুরু হয়। ১২৯ কোটি টাকা ব্যয়সাপেক্ষে এ প্রকল্পের আওতায় অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত দৈর্ঘ্যে সাড়ে ১২ কিলোমিটার সড়কের উভয়পাশ সম্প্রসারণ করার কথা রয়েছে।৪৮ ফুট পিচ, চার ফুট বিভাজক (ডিভাইডার), ১২ ফুট ধীরগতির গাড়ির রাস্তা ও ফুটপাতসহ সড়কটির মোট প্রস্থ হবে প্রায় ১০০ ফুট। সূত্র জানায়, ১৮ কোটি টাকায় এ প্রকল্পের ৩ দশমিক ৭০ কিলোমিটার অংশের কাজ পায় আনোয়ার পপুলার। ইতিমধ্যে অক্সিজেন থেকে বালুছড়া এলাকায় সড়কের উভয়পাশ, চৌধুরীহাট ও স্টেশন এলাকায় পূর্বপাশ এবং মদনহাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফটক এলাকায় সড়কের পশ্চিম পাশে মাটি খোঁড়া শেষ হয়েছে। খুঁড়ে ফেলা স্থানে বালু, ইটের খোয়া দিয়ে ভরাট করা হয়েছে। সরেজমিন পরিদর্শনে গেলে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও সড়কসংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রাত ১২টার পর থেকে খননযন্ত্র দিয়ে শুরু হয় মাটি খোঁড়া। এ মাটি তোলা হয় একাধিক ড্রাম ট্রাকে। এরপর এসব মাটি ওই ড্রাম ট্রাকযোগে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন ব্যক্তির মালিকানাধীন পুকুর-দিঘি ও জমিতে। কুলগাঁও, বালুছড়া, ফতেয়াবাদ ও মদনহাট এলাকার পাঁচ-ছয়টি জায়গায় সড়কের মাটি দিয়ে বিভিন্ন পুকুর-দিঘি ও জমি ভরাটের অস্তিত্ব পাওয়া গেছে। ৭ এপ্রিল রাত ১১টায় অক্সিজেন এলাকায় অবস্থান করে দেখা যায়, খননযন্ত্র দিয়ে পুলিশ ফাঁড়ির অদূরে মাটি খোঁড়া হচ্ছে। ড্রাম ট্রাকযোগে এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে বালুছড়া শামসুদ্দোহা সড়কের পাশে একটি জমি ভরাটের জন্য। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সেখানকার জনৈক বখতেয়ারের জমিও ভরাট করা হয় রাস্তার মাটি দিয়ে। একইভাবে ভরাট করা হয়েছে কুলগাঁও সিটি করপোরেশন কলেজের উত্তর পাশের দুটি জমিও। প্রশ্ন করলে এ জমিতে ভরাট করা মাটি সমান করার কাজে নিয়োজিত শ্রমিক সোলায়মান বলেন, ‘এগুলো রাস্তার মাটি। প্রতিট্রাক দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকায় কেনা হয়েছে।’ ভরাটকাজে প্রায় লক্ষাধিক টাকার মাটি এ জমিতে লেগেছে বলেও তিনি মন্তব্য করেন। সওজের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ‘উত্তর ফতেয়াবাদ এলাকায় একটি দিঘি ভরাটের কাজেও সড়কের মাটি ফেলা হয়েছে। আমি সরেজমিন গিয়ে রাস্তার মাটি দেখেছি।’ মদনহাট এলাকায় (চবি সড়কসংলগ্ন) রাস্তার মাটি দিয়ে ভরাট হচ্ছে দুটি নিচু জমি। ৮ এপ্রিল সরেজমিন কথা হয় জমির মালিক ইরফান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘টাকা দিয়ে মাটি কিনেছি। চুরি তো করিনি।’ মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মাটি বিক্রি বা বৈদ্যুতিক তার চুরি বিষয়ে আমরা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’