কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি-ধলঘাট সড়কের প্রায় সাড়ে চার কিলোমিটারের সংস্কারকাজ ছয় মাস ধরে বন্ধ রয়েছে। গত মে মাসে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে এলাকার যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণসামগ্রী পরিবহন বন্ধ রয়েছে। এ কারণে যোগাযোগব্যবস্থা ঠিক না হলে সড়কের থমকে থাকা সংস্কারকাজ শুরুর সম্ভাবনা নেই।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালীর মাতারবাড়ি-ধলঘাট সড়কের প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কার করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গত বছরের নভেম্বরে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেয়। আর দরপত্রের মাধ্যমে ওই কাজের দায়িত্ব পান ঠিকাদার আবদুর রশিদ। কার্যাদেশ অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া এই সংস্কারকাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। একই সময়ে ওই এলাকায় আরও দেড় কিলোমিটার সড়ক সংস্কারের কাজও শুরু হয়। কিন্তু গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর পর চালিয়াতলি-মাতারবাড়ি সড়ক ভেঙে যাওয়া নির্মাণসামগ্রীসহ মালামাল পরিবহন করা যাচ্ছে না। এতে সড়ক সংস্কারের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।
২০ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, অসমাপ্ত অবস্থায় পড়ে আছে মাতারবাড়ি-ধলঘাট সড়কের সাড়ে চার কিলোমিটারের সংস্কারকাজ। সড়কের সংস্কারকাজে নিয়োজিত কোনো শ্রমিককেও দেখা যায়নি।
স্থানীয় মাতারবাড়ি ইউনিয়নের সর্দারপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন ও এনামুল হক বলেন, শুরুতে সড়কের সংস্কারকাজ ধীরগতিতে চলেছে। পরে পুরোদমে কাজ শুরু করার পর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে নির্মাণসামগ্রী পরিবহন বন্ধ হয়ে যায়।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই এলাকার ৫০ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। এলাকার সড়কও সংস্কার হচ্ছে না। দ্রুত প্রশাসনকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।
তবে সংস্কারকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আবদুর রশিদ বলেন, ইতিমধ্যে প্রথম পর্যায়ে তিন কিলোমিটারের সংস্কারকাজের প্রায় ৮৫ শতাংশ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের দেড় কিলোমিটারের সংস্কারকাজের ২০ শতাংশ হয়েছে। কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাইরে থেকে মালামাল আনা সম্ভব হচ্ছে না। এ কারণে আপাতত সংস্কারকাজ বন্ধ রয়েছে।
জানতে চাইলে মহেশখালী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রায় দুই কোটি টাকার উন্নয়নকাজ মাঝপথে আটকে আছে। তাই জরুরি ভিত্তিতে চালিয়াতলি-মাতারবাড়ী সড়ক চালু করার চেষ্টা চলছে।