হ-য-ব-র-ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাল সাহেবের অনেক দিনের ইচ্ছে সংসদ নির্বাচনে দাঁড়াবেন। টাকা-পয়সা বেশ আছে, তবে লেখাপড়া তেমন একটা জানেন না। প্রায় দুই বছর ধরে টাকার জোরে সাঙ্গোপাঙ্গ জুটেছে অনেক। সব সময় তাঁদের নিয়ে চলাফেরা করেন তিনি। এলাকার মানুষের খোঁজখবর ভালোই নেন। কারও কোনো সমস্যা থাকলে সমাধান করে দেন। আর্থিক সাহায্যও করেন। উদ্দেশ্য একটাই, মনোনয়ন নিয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করা। সবাই তাঁর উদ্দেশ্য জানে। তবে দুই বছর আগে কোনো ভালো কাজ করেছেন বলে মনে পড়ে না। মানুষ ঠকানোতে ছিলেন ওস্তাদ। এখনকার জামাল সাহেব আর আগের জামাল সাহেবের মধ্যে মিল খুঁজে পাওয়া কঠিন। এরই মধ্যে একজনকে তাঁর উপদেষ্টা হিসেবেও নিয়োগ করেছেন। বেশ মোটা বেতন দেন তাঁকে। উপদেষ্টা তাঁর সাধ্যমতো উপদেশ দিয়ে যান। একদিন উপদেষ্টা বললেন, ‘স্যার, মনোনয়ন পেতে হলে দলের প্রধানের সঙ্গে দেখা করতে হবে ঢাকায় গিয়ে। তাঁরা মনোনয়ন দিলে নির্বাচন করতে পারবেন। তা না হলে একাই নির্বাচন করতে হবে।’ এ কথা শুনে জামাল সাহেব বললেন, ‘ঠিক আছে, ঢাকা যাওয়ার তারিখ ঠিক করো।’ সব প্রস্তুতি শেষে জামাল সাহেব তাঁর উপদেষ্টা এবং কয়েকজন সাঙ্গোপাঙ্গ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলেন। গিয়ে উঠলেন নামী এক আবাসিক হোটেলে। জামাল সাহেব এই প্রথম ঢাকায় এসেছেন। উপদেষ্টাকে ডেকে বললেন, ‘চলো, দলের প্রধানদের সঙ্গে দেখা করার আগে আমাকে ঢাকা ঘুরিয়ে দেখাও।’ জামাল সাহেব ও উপদেষ্টা ঢাকা দেখার জন্য বের হলেন। বিভিন্ন জায়গা ঘুরে তাঁরা গেলেন এক শপিং কমপ্লেক্সে। সেখানে ঢুকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর লক্ষ করলেন, একটা ছোট জায়গায় দরজা খুলে যাচ্ছে এবং অনেকে তার ভেতর ঢুকছে আবার বের হচ্ছে। একসময় একটা বয়স্ক মহিলাকে জিনিসটির ভেতর ঢুকতে দেখলেন। প্রায় এক মিনিট পর এক তরুণী বের হয়ে এল। জামাল সাহেব মনে করলেন, এই ছোট ঘরে বয়স্ক হয়ে ঠুকলে তরুণী হয়ে বের হওয়া যায়! এটা দেখার পর জামাল সাহেব উপদেষ্টাকে বললেন, ‘ওই দেখেছ, কী ভুলটাই না করলাম, তোমার চাচিকে (তাঁর স্ত্রী) নিয়ে এলে এই ঘরে ঢুকিয়ে তরুণী বানানো যেত। এর পরে নিয়ে আসব, কী বলো?’ এ কথা শোনার পর উপদেষ্টা বললেন, ‘স্যার, ওটা লিফট, ওটা দিয়ে ওপরে ওঠা আর নিচে নামা যায়।’ তারপর লিফটে চড়ে ওপরে উঠলেন তাঁরা। মার্কেটের সবকিছু দেখে নিচে নেমে এলেন। মার্কেট থেকে বের হওয়ার পর রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটার সময় জামাল সাহেব লক্ষ করলেন, কিছু বাসার বাইরে ছোট সাইনবোর্ডে কিছু লেখা আছে। তিনি দাঁড়িয়ে অনেক কষ্ট করে বানান করে পড়লেন, টু-লেট। কিছু দূর গিয়ে তিনি আবার দেখতে পেলেন, একই সাইনবোর্ড। বেশির ভাগ বাসায় এই সাইনবোর্ড দেখে উপদেষ্টাকে বললেন, ‘আচ্ছা, ঢাকায় টু-লেট সাহেবের এতগুলো বাসা! নিশ্চয় তিনি খুব ধনী লোক? তিনি কেন নির্বাচন করেন না? টাকা খরচ করলেই তো জয়ী হতে পারেন।’ এ কথা শোনার পর উপদেষ্টা হেসে ফেললেন। উপদেষ্টার হাসি দেখে তিনি রেগেমেগে বললেন, ‘চলো, হোটেলে চলো।’ পরদিন মনোনয়ন পাওয়ার জন্য দলীয় প্রধানদের কাছে গেলেন কিন্তু মনোনয়ন পেলেন না। উপদেষ্টা বললেন, ‘চলেন, আরেক দলীয় প্রধানের কাছে।’ সেখানেও একই অবস্থা। নিরাশ হয়ে ফিরে গেলেন হোটেলে। সবার মন খারাপ। তখন উপদেষ্টা উপদেশ দিলেন, ‘দলের প্রধানরা মনোনয়ন দেননি তো কী হয়েছে, স্বতন্ত্রভাবে ভোটে দাঁড়াবেন।’ তারপর স্বতন্ত্রভাবে প্রার্থী হয়ে এলাকায় ফিরে গেলেন। আগের মতো জনসেবা শুরু করলেন। ভোটের আগে প্রচুর টাকা দিলেন এলাকায়। যে যার মতো লুটে নিল। যথাসময়ে নির্বাচন হলো। বিকেলে ভোটের ফলাফল ঘোষণা হলো। ফলাফলে দেখা গেল, জামাল সাহেব পেয়েছেন মাত্র তিনটি ভোট। অবাক হয়ে গেলেন তিনি, এত খরচ করার পরও কেন ফল এমন হলো? আর তাঁর বউ গেলেন রেগে। রেগে যাওয়ার কারণ তিনটা ভোট পাওয়া! স্ত্রী জামাল সাহেবকে বললেন, ‘মিনসে, আমার একটা আর তোমার একটা—মোট ভোট হওয়ার কথা দুইটা। কিন্তু ভোট পেলে তিনটা। তৃতীয় ভোটটা কে দিল, শুনি? বলো, কে সেই হতভাগিনী? যার সঙ্গে তোমার সম্পর্ক। এত ভাব, আর আমি জানি না। আমি কি বুড়ি হয়ে গেছি!’ মো. আক্তারুজ্জামান কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।