হংকং যাচ্ছে কক্সবাজারের পোপা শুঁটকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সমুদ্র উপকূলে বিশেষ ব্যবস্থায় উৎপাদিত পোপা শুঁটকি রপ্তানি হচ্ছে হংকং। গুণগতমান ধরে রাখা গেলে দেশের চাহিদা মিটিয়ে শুঁটকি রপ্তানি করে বছরে প্রায় ১০০ কোটি টাকা আয় করা সম্ভব।কক্সবাজারে পোপা শুঁটকি উৎপাদন ও ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কলিম উল্লাহ জানান, বর্তমানে পাঁচ শ ট্রলার সাগরে জাল ও বড়শি দিয়ে পোপা মাছ ধরছে। আগে প্রতিকেজি পোপা মাছ ১০০-১৫০ টাকায় বিক্রি হলেও এখন ২০০ টাকার বেশি। চীনের হংকংসহ কয়েকটি দেশে পোপা শুঁটকির চাহিদা বাড়ছে বলে তিনি জানান। পোপা শুঁটকি দিয়ে চীনে সুস্বাদু স্যুপ তৈরি হয় বলে জানা গেছে। ফ্রেন্ডস ও সাকসেসিং নামের হংকং ভিত্তিক দুটি প্রতিষ্ঠান কক্সবাজারে উৎপাদিত ৮০ শতাংশ পোপা শুঁটকি বাজারজাত করছে। গত বছর এই দুটি প্রতিষ্ঠান এ দেশ থেকে প্রায় ৫০ কোটি টাকার পোপা শুঁটকি আমদানি করেছে। চলতি মৌসুমে ৮০-৯০ কোটি টাকার পোপা রপ্তানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট লোকজন জানান, উৎপাদন বাড়ানো গেলে এ খাত থেকে বছরে ১০০ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।শহরের নয়ন ফিশারিজ, সোনার বাংলা ফিশারিজ, ভাইভাই ফিশারিজ, সি-গোল্ড, পূর্বাণী ফিশারিজ, দরবার ফিশারিজ, কনসেপশন সি ফুডস, মহেশখালী ফিশারিজ, মতিন অ্যান্ড কোং, মেঘনা সি ফুডসসহ ১৭টি প্রতিষ্ঠান পোপা শুঁটকি উৎপাদন করছে। এসব শুঁটকি হংকং, ইন্দোনেশিয়া, সৌদিআরবসহ বিভিন্ন দেশে রপ্তানি করছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় দুই হাজার শ্রমিক।শহরের নুনিয়াছটা এলাকায় কারখানা খুলে পোপা শুঁটকি প্রক্রিয়াজাত করছে চীনের আমদানিকারক প্রতিষ্ঠান ফ্রেন্ডস কোম্পানি। তারা সরাসরি জেলেদের কাছ থেকেও নগদ টাকায় পোপা মাছ কিনছেন। সরেজমিনে দেখা গেছে, কারখানায় লবণ দিয়ে রোদে শুকিয়ে শুঁটকি তৈরি করছেন শ্রমিকেরা। শুঁটকি তৈরিতে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না বলে তাঁরা জানান। শুঁটকি রপ্তানিকারক প্রতিষ্ঠান নয়ন ফিশারিজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক জানান, দুই কেজির বেশি পোপা মাছ রোদে শুকিয়ে এক কেজি শুঁটকি পাওয়া যায়। প্রতিকেজি পোপা শুঁটকির রপ্তানি মূল্য সাত মার্কিন ডলার অর্থাৎ ৫১১ টাকা। কিন্তু ওই পরিমাণ শুঁটকি প্রক্রিয়াজাত করে রপ্তানি উপযোগী করতে খরচ হয় ৪০০ টাকার বেশি। আজিজুল হক জানান, গত ডিসেম্বর থেকে উপকূলজুড়ে শুঁটকি উৎপাদন শুরু হলেও সাগরে পোপা মাছের সংকট দেখা দেওয়ায় খুব বেশি পরিমাণ শুঁটকি রপ্তানি সম্ভব হচ্ছে না। ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে ১২ মেট্রিক টন শুঁটকি রপ্তানি হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান থেকেও রপ্তানি হয়েছে পাঁচ থেকে ১০ মেট্রিক টন। কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, জেলার প্রায় পাঁচ হাজার ট্রলারে ধরে আনা মাছের একটি অংশ শুঁটকি হচ্ছে। জেলার মহেশখালী, সোনাদিয়া, গোরকঘাটা, কুতুবজোম, কুতুবদিয়া, বড়ঘোপ, খুদিয়ারটেক, টেকনাফ, শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, জালিয়াপাড়া, নাজিরারটেক, খুরুশকুল, সমিতিপাড়া, চৌফলদণ্ডীসহ বিভিন্ন উপকূলীয় এলাকার অন্তত তিন শতাধিক গ্রামে এখন শুঁটকি তৈরির ধুম পড়েছে। কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের কেনাকাটার তালিকাতেও শুঁটকি শীর্ষস্থান দখল করে আছে। তবে উচ্চমূল্যের কারণে শুঁটকি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। টেকনাফ ও নুনিয়াছটার শুঁটকি ব্যবসায়ী নুর নবী ও আবদুল খালেক জানান, জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ১০ ট্রাকের বেশি শুঁটকি চট্টগ্রামসহ সারা দেশে সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে রুপচাঁদা, ছুরি, লাক্ষা, কোরাল, সুরমা, কাচকি, চিংড়ি, লইট্টা, ফাইস্যাসহ প্রায় ২০ প্রজাতির শুঁটকির চাহিদা বেশি। বর্তমানে খুচরা বাজারে প্রতিকেজি লইট্যা ও ফাইস্যা ২০০-৩০০ টাকা, ছুরি ৩৫০ থেকে ৭৫০, ছোট পোপা ২৫০ থেকে ৫৫০, রুপচাঁদা এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০, লাক্ষা এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০,্রমাইট্যা ৪০০ থেকে ৮০০, চিংড়ি এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।