চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক হোসেন আহমদের স্মরণে শোকসভা ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন ও হকার্স সমিতির যৌথ উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়।
শোকসভার শুরুতে মরহুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হেফাজতের রহমান। বক্তব্য দেন হকার্স সমিতির সভাপতি ওবায়দুল হক মজুমদার, সম্পাদক দেলোয়ার হোসেন, হকার নেতা মোস্তফা খোকন, জয়নুল আবেদীন, আবুল বশর, জাকির হোসেন, নূর রহমান, ওসমান গণি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হোসেন আহমদ ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি দীর্ঘ কর্মজীবনে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কারও সঙ্গে বিরোধে জড়াননি।
সভা শেষে মরহুমের বড় ছেলে সাইফুল হোসেনের হাতে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে ১৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।