হকারদের দখলে ফুটপাত
জামা, জুতা, সিডি ক্যাসেট, ঘড়ি, ব্যাগ, বেল্ট, জুতা সেলাই, চা, সিগারেট, ফলের দোকান থেকে শুরু করে কী নেই! এসব কিছুরই দোকান বসেছে ফুটপাত দখল করে। ভ্রাম্যমাণ দোকানগুলো এখন ফুটপাত ছাড়িয়ে নেমে পড়েছে মূল সড়কে। নগরের ব্যস্ততম এলাকার বিপণিবিতান (নিউমার্কেট) মোড় থেকে শুরু করে আমতল, জুবিলি রোড, স্টেশন রোড, কোতোয়ালি মোড়, সদরঘাট রোড ও সিনেমা প্যালেস পর্যন্ত সব ফুটপাতেই দেখা গেছে একই চিত্র। প্রতিদিন সকাল থেকে রাত ১০-১১টা পর্যন্ত বেচাকেনা চলে এসব ফুটপাতে। চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশন সূত্রে জানা গেছে, বিপণিবিতানের মোড়সংলগ্ন উভয় দিকে সড়কের ফুটপাতে দুই হাজারের বেশি হকার বিভিন্ন পণ্যের দোকান খুলে ব্যবসা করছেন। জানা যায়, নামে অস্থায়ী হলেও স্থায়ীভাবেই ব্যবসা চালাচ্ছেন হকাররা। রাতে পণ্যসামগ্রী গুটিয়ে রেখে সকাল থেকেই মালামাল সাজিয়ে বসে পড়েন তাঁরা। ফলে এসব ফুটপাতে পথচারীদের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়। ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে লোকজন। এদিকে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে নিয়মিত যানজট লেগে থাকে সংশ্লিষ্ট সড়কগুলোতে। অনেক সময় স্থবির হয়ে পড়ে স্টেশন রোড, নিউমার্কেট থেকে আমতল, কোতোয়ালি মোড়, সদরঘাট রোডসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা। গত সোমবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, নিউমার্কেটসংলগ্ন মিউনিসিপ্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃষ্ণকুমারী এবং অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়সহ আশপাশের ফুটপাতে চলাচলে হিমশিম খাচ্ছে শিক্ষক-শিক্ষার্থীসহ পথচারীরা। মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সিডি ক্যাসেট বিক্রেতাদের হাঁকডাকে শিক্ষার্থীরা অশ্লীল ক্যাসেট কিনতে উদ্বুদ্ধ হচ্ছে এবং সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছে।’ এসব দোকানের কারণে এখানে শিক্ষার পুরো পরিবেশটাই নষ্ট হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কোনো ভালো ছাত্র এখানে ভর্তি হয় না।’ নিউমার্কেটে কেনাকাটা করতে আসা মহিউদ্দিন সেলিম বলেন, ‘হকারদের কারণে এমনিতে ফুটপাতে হাঁটা যায় না। এখন দেখি রাস্তা দখল করেও ব্যবসা পেতেছেন তাঁরা। এভাবে চলতে থাকলে একদিন দেখা যাবে যান চলাচলও বন্ধ হয়ে গেছে।’ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে জনদুর্ভোগ সৃষ্টির ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘১৫ থেকে ২০ বছর ধরে হকাররা এসব জায়গায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। নির্দিষ্ট জায়গা না দিয়ে উচ্ছেদ করলে এতগুলো গরিব লোক অসহায় হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘প্রতিটি সরকারের লোকজন আশ্বস্ত করলেও হকারদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা এ পর্যন্ত কেউ করেনি। এই নিয়ে প্রধানমন্ত্রী এবং সিটি মেয়রের কাছে স্মারকলিপি দিয়েও কাজ হয়নি।’ তিনি জানান, সব সিডি ক্যাসেটের দোকান সরিয়ে স্টেশন রোডে বসানোর জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। কেউ না সরালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম বলেন, হকারদের পুনর্বাসনের বিষয়টি দীর্ঘমেয়াদি ব্যাপার। হকার উচ্ছেদের ব্যাপারে সিটি করপোরেশনের কোনো পরিকল্পনা নেই। ফুটপাত দখল করে ব্যবসার কারণে চলাচলে সমস্যা হচ্ছে এমন কোনো অভিযোগ কিংবা হকার সমিতির পক্ষ থেকে পুনর্বাসনের ব্যাপারে স্মারকলিপিও পাননি বলে তিনি জানান। এ ব্যাপারে গত মঙ্গলবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘রমজানের আগেই সিটি করপোরেশনের সহায়তায় ফুটপাত মানুষের চলাচলের উপযোগী করে তুলতে কিছু হকারকে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’