হজপিস-বৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শতকের সত্তরের দশকে ইউরোপে হজপিস আন্দোলন বেগবান হয়ে ওঠে। হজপিসের মূল উদ্দেশ্য হলো মৃত্যুর জন্য রোগীকে মানসিকভাবে প্রস্তুত করা। মৃত্যুভয়কে জয় করা সহজ কাজ নয়, তবে রোগীকে সঙ্গ দিয়ে কর্মী যদি বিশ্বাস অর্জন করতে পারে, তাহলে অনেক সময় দেখা গেছে, প্রথম দিনে মৃত্যুভয়ে যে রোগী চুপচাপ থেকে দীর্ঘশ্বাস ফেলেছে, কর্মীর সঙ্গে সহূদয় বন্ধুত্বে দুই-তিন দিন পরপরই সে হেসে কথা বলেছে। এখানেই হজপিস কর্মীদের সফলতা। পরকালে যার দৃঢ় বিশ্বাস হয়েছে, তার আর মৃত্যুভয় থাকে না। তবে মনে রাখতে হবে, অবশ্যই হজপিস কোনো ওল্ড হোম নয় যে এখানে বছরের পর বছর কেউ কাটাবেন। এখানে স্বেচ্ছামৃত্যু বা মৃত্যুকে ত্বরান্বিত করার কোনো সহযোগিতা নেই। হজপিস মুমূর্ষুর শেষ দিনগুলোতে বেঁচে থাকার আশ্রয়। এখানে সর্বাত্মক চেষ্টা করা হয় শেষ মুহূর্ত পর্যন্ত রোগী যাতে জীবনের স্বাদ নিতে পারে। নিরাশায় বিষাদ-ভারাক্রান্ত না হয়। এ বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয়ে শিক্ষার মতো মৃত্যু-সঙ্গ দেওয়ার কোনো নির্দিষ্ট কোর্স নেই। এটি একটি মানবিক ব্যাপার, যা অন্যকে সাহায্য করার প্রেরণা থেকে আসে। হজপিস কর্মীরা কোনো চাকরি করেন না বা সঙ্গ দিয়ে পেশাগত শুশ্রূষাকারীদের মতো ঘণ্টা হিসেবে পারিশ্রমিকও নেন না। এটা সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবা। বার্লিনের কেন্দ্রীয় অফিস থেকে শুধু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বার্ষিক একটি সম্মেলনে মিলিত হয়ে শাখা সংগঠনগুলোর নির্বাচিত প্রতিনিধিরা মতবিনিময় করেন। সব সংগঠনই সদস্য বা শুভানুধ্যায়ীদের চাঁদার অর্থ দিয়ে তাদের খরচ চালিয়ে থাকে। সদস্যদের কোনো মাসিক বা বার্ষিক চাঁদা দিতে হয় না। সবই স্বেচ্ছাসেবামূলক।