হজের সময় সেলফি

পবিত্র হজ পালনের অভিজ্ঞতা অনেকের সারা জীবনে একবারই হয়। আগের দিনে সেই স্মৃতি ধরে রাখতে অনেকেই কাবা শরিফে নিজের ছবি তুলে আনতেন। কিন্তু এখন হজের সময় সেলফি তুলে সঙ্গে সঙ্গেই পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্তটিকে ভাগ করে নিচ্ছেন কেউ কেউ।
নিজে নিজের ছবি তোলাকেই সেলফি বলা হয়। আজকাল বিশেষ কোথাও গেলে সেখানে সেলফি তুলে বিশেষ মুহূর্তের এমন ছবি পোস্ট করা ফেসবুক, টুইটারসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই জনপ্রিয় প্রবণতা। বার্তা সংস্থা রয়টার্স শনিবার মক্কা থেকে পাঠানো এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের হজেও চোখে পড়েছে এমন সেলফি তোলার প্রবণতা।
হজে আসা তুরস্কের ছাত্র মেহমেত দাউদ যেমন বলছিলেন, ‘আমি কাবা শরিফের সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলেছি ফেসবুকে পোস্ট করার জন্য, যাতে আমার পরিবার এবং বন্ধুরা আমাকে এখানে দেখতে পারে। আজকাল আমরা এভাবেই যোগাযোগ করি, ফোন করার প্রয়োজন হয় না।’
মিসরীয় স্থপতি আমির মারুফ বলেন, ‘স্মৃতিকে স্মরণীয় করে রাখার একটা দারুণ উপায় সেলফি। হজকে সব সময়ই খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং বয়স্কদের বিষয় বলে মনে করা হয়। কিন্তু সেলফি আপনাকে দারুণভাবে এটা প্রকাশের সুযোগ করে দিতে পারে।’
কিন্তু ইবাদতের সময় সেলফি তোলা নিয়ে আগ্রহী হয়ে ওঠাকে ভালো চোখে দেখেননি হজ করতে আসা অনেকেই। পাশাপাশি কাবা শরিফের আশপাশে সেলফি তুলতে থাকাদের নিরুৎসাহিত করতে একজন মওলানা মাঝে মাঝেই বলছিলেন, ‘মনোযোগী হোন! ইবাদত আরও গুরুত্বপূর্ণ।’
অবশ্য, সৌদি আরব ও মিসরের কোনো কোনো ধর্মতাত্ত্বিক হজের সময় সেলফি তোলাটাকে সমস্যা বলে মনে করেন না। মিনা শহরের একটা ধর্মীয় আলোচনায় শেখ আবদাল্লাহ বিন আলি বাসফার বলেন, ‘এই সব ছবি তোলায় কোনো ক্ষতি নেই। পবিত্র স্থানে নিজের স্মৃতি ধরে রাখতে আর আনন্দের জন্য মানুষ এটা করে।’