হরেক রকম গরমে গেল সপ্তাহ ছিল পুরাই হট। হট উইকের হট খবরগুলোর কথা জানাচ্ছেন রস+আলোর ‘কুল’ প্রতিনিধি শরীফ মজুমদার
গরমের গরম
রোমান্টিক, কোমলমতি ফাল্গুনের পর রসকষহীন, কঠিনমতি চৈত্র এলেও প্রথম দিকে তেমন তেজ দেখাতে পারছিল না। কিন্তু দাবদাহের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে শেষ দিকে এসে আবালবৃদ্ধবনিতা সবার ‘মাথার ঘাম পায়ে ফেলার’ কঠিন ব্রত নিয়ে হঠাৎ করেই নিজের গরম দেখাতে শুরু করে চৈত্র। চৈত্রের এই আচরণে জনমনে ব্যাপক অসন্তোষ আর হাঁসফাঁস লক্ষ করা যায়। গরমে অতিষ্ঠ হয়ে শরম ভুলে অনেকেই নির্দয়ভাবে চৈত্রের চৌদ্দগুষ্টি উদ্ধার করেন। তাই এই প্রাকৃতিক গরম ছিল সপ্তাহের অন্যতম হট ইস্যু।
বিনোদন গরম
সেই ১৯৫৯ সালে কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় আর শক্তিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় জুটির অপুর সংসার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পায়। তারপর এই এতগুলো বছর পর দ্বিতীয়বার দর্শক-সমালোচক মহলে দারুণ আলোচনা-সমালোচনার খোরাক জুগিয়েছে বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘অপুর সংসার’! সপ্তাহজুড়েই উত্তাপ ছড়িয়েছে এই ইস্যু। কিন্তু সব ক্লাইমেক্স-অ্যান্টি ক্লাইমেক্স, ভুল-বোঝাবুঝির অবসান ঘটে নায়ক-নায়িকার মধুর মিলনে। ‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে থাকিবে’ মর্মে উত্তাপ ছড়ানো ‘অপুর সংসার’ ইস্যুর চমৎকার পরিসমাপ্তি ঘটে। সপ্তাহের অন্যতম হট ইস্যু লাভ করে একটি কুল হ্যাপি এন্ডিং!
গেল সপ্তাহে বিনোদন অঙ্গন গরম ছিল ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ঘটনায়।
সেই ইস্যুটি নিয়ে এ ধরনের রসিকতা করে ফেসবুক গরম করে ফেলেছিল সাধারণ জনগণ।
রাজনীতির গরম
রাজনীতির মাঠ সারা বছর উষ্ণ থাকলেও গত সপ্তাহে এই মাঠে ছিল গনগনে গরম! তিস্তার পানি নিয়ে এত দিন জল ঘোলা করা হলেও প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে এবার সবার আশা ছিল যে ঘোলা জল পরিষ্কার হবে। কিন্তু পানি না দিয়ে সেই আশার গুড়ে বস্তাভরা বালু ঢেলে দিলেন মমতা দিদি। তাঁর ‘মমতাহীনতায়’ তিস্তার পানির কোনো কূলকিনারা না হওয়ার ইস্যু কাঠফাটা রোদের মতোই উত্তাপ ছড়িয়েছে। কিন্তু পারদ স্কেলে সবকিছুকে ছাড়িয়ে গেছে ‘ভাস্কর্য বনাম মূর্তি’ আর ‘পয়লা বৈশাখ’ ইস্যু নিয়ে অস্বস্তিকর গরম। যদিও খাঁটি বাঙালিয়ানার কাছে ধোপে টিকতে পারেনি অন্য কোনো অস্বস্তি!
আন্তর্জাতিক গরম
সপ্তাহ শেষের হটকেক ছিল নন-নিউক্লিয়ার বোম্ব ইস্যু। ‘মাদার অব অল বোম্বস’ বা ‘সকল বোমার জননী’ শীর্ষক শিরোনামে যুক্তরাষ্ট্র কর্তৃক আফগানিস্তানের আইএস ঘাঁটি লক্ষ করে ফেলা এই বোমার দাবদাহ বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র এই বিধ্বংসী বোমার বিকল্প হিসেবে টেকসই গণতান্ত্রিক বোমা কিংবা শান্তি-সৌহার্দ্য ও সম্প্রীতির কিউট বোমা ফেলতে পারত কি না, এ নিয়েও চলেছে এন্তার আলোচনা-সমালোচনা। ঝড়-সুনামি-টাইফুন উঠেছে চায়ের কাপে!