হট্টগোলে পণ্ড কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান অতিথি কমিটির সদস্যদের নাম ঘোষণা করতে গেলে শুরু হয় হট্টগোল। এ কারণে দ্রুত বক্তব্য শেষ করে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। শেষমেশ কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে আনোয়ারা উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন।
গত বুধবার বিকেলে উপজেলার কালাবিবির দিঘির মোড়ের একটি সামাজিক কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিকেল চারটায় শুরু হয় সম্মেলনের কার্যক্রম। মোরশেদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক শামসুল আলম। প্রধান বক্তা ছিলেন জেলার সদস্য সচিব নুরুচ্ছফা সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলার যুগ্মআহবায়ক মোহাম্মদ ছৈয়দ, কাজী ইসমাইল, মো. মিয়া চৌধুরী ও আমান উল্লাহ আমান।
শামসুল আলম তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে কমিটি ঘোষণা করার আগে উপস্থিত নেতা-কর্মীদের মতামত চেয়ে হাত ওঠাতে বলেন। এ সময় তুমুল হট্টগোল বেঁধে যায়। ফলে তিনি কমিটি ঘোষণা না করে সভাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা জাপার আহবায়ক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারায় জাতীয় পার্টিতে এখন কোনো মতবিরোধ নেই, আমরা এখন ঐক্যবদ্ধ। আশা করি কয়েকদিনের মধ্যে জেলা থেকে নতুন কমিটির ঘোষণা আসবে।’