হঠাৎ উপহার, মায়ের চোখে বিস্ময়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পেশাগত, শিক্ষাগত বা অন্য কোনো কারণে যাঁরা মায়ের কাছ থেকে দূরে থাকেন তাঁদের জন্যই ছিল মা দিবসের এ আয়োজন। অধুনায় ছাপা কুপনে মাকে নিয়ে পাঁচটি পঙ্ক্তি লিখতে বলা হয়েছিল সন্তানকে। সারা দেশ থেকে অসংখ্য সন্তান অংশ নিয়েছেন এই আয়োজনে। তাঁদের মধ্য থেকে লটারি করে বিজয়ী হয়েছেন ১২ জন। মা দিবসে সেই সন্তানদের পক্ষ থেকে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা গিয়েছেন তাঁদের মায়ের কাছে। ফুল, মিষ্টি, শাড়ি আর নানা ধরনের উপহারের সঙ্গে নিয়ে গেছেন মাকে উদ্দেশ করে লেখা সন্তানের সেই ভালোবাসার পঙ্ক্তিমালা। মায়েদের জন্য এটা ছিল বিস্ময়। সেই ১২ মায়ের এবং সন্তানদের অনুভূতি নিয়েই এ আয়োজন।
চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা বড় মেয়ের হয়ে শুভেচ্ছা জানালেন মা সৈয়দা খাদিজা কাদেরকে। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা বড় মেয়ের হয়ে শুভেচ্ছা জানালেন মা সৈয়দা খাদিজা কাদেরকে। ছবি: সৌরভ দাশ

বন্দরনগর চট্টগ্রামের খুলশীর তিন নম্বর সড়ক। ঢোকার মুখে ছয়তলা বাড়ি—নাম ‘নীড়’। দরজা খুলে দিলেন মধ্যবয়সী এক নারী। একদল আগন্তুক দেখে ভ্রু কুঁচকালেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁর হাতে পৌঁছে গেল ফুল আর উপহারের প্যাকেট। চোখে-মুখে বিস্ময়! কী ব্যাপার? ঘটনা জানার পর বিস্ময় উবে গিয়ে তাঁর চেহারায় তৃপ্তির আভা।
তিনি সৈয়দা খাদিজা কাদের—একজন মা। রোববার মা দিবসে তাঁর মেয়ের পাঠানো শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে বিকেল পাঁচটায় হাজির হয়েছেন চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা। অধুনার কুপনে লেখা ঢাকায় থাকা বড় মেয়ে সৈয়দা শারমিন কাদেরের শুভেচ্ছাবার্তা কাচ দিয়ে বাঁধানো। সেই বার্তা পড়ার জন্য যেন তর সইছিল না মায়ের। দ্রুত হাতে নিলেন। একবার নয়, মেয়ের লেখা পঙ্ক্তিগুলো পড়লেন বারবার। মুঠোফোন নিয়ে কল করলেন মেয়েকে।

চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা বড় মেয়ের হয়ে শুভেচ্ছা জানালেন মা সৈয়দা খাদিজা কাদেরকে। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা বড় মেয়ের হয়ে শুভেচ্ছা জানালেন মা সৈয়দা খাদিজা কাদেরকে। ছবি: সৌরভ দাশ

আবেগে গলা ধরে আসছিল। তাই খুব বেশি কথা বলতে পারলেন না। মেয়েকে ধন্যবাদ জানিয়ে শুধু দিলেন এগিয়ে চলার প্রেরণা। ফোন রেখে খুললেন স্মৃতির ঝাঁপি।
কলেজশিক্ষিকা সৈয়দা খাদিজা কাদেরের জীবনে অন্ধকার নেমে আসে ১৯৯৯ সালে। ওই বছর স্বামী লুৎফুল কাদের চৌধুরীর ধরা পড়ে ক্যানসার। চলতে থাকে ক্যানসারের বিরুদ্ধে লড়াই। ২০০৫ সালে এসে হেরে যান। মারা যান স্বামী। এক মেয়ে ও দুই ছেলে নিয়ে শুরু হয় তাঁর বন্ধুর পথচলা। বলতে বলতে নীরব হয়ে যান। এরপর নীরবতা ভেঙে জানালেন মা দিবসে মেয়ের এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে। বললেন, ‘ও অনেক বড় হোক, সব সময় ভালো থাকুক এবং সুন্দরভাবে সব দায়িত্ব পালন করুক।’