হঠাৎ করে ‘বিতর্ক সভা’
ফ্যাশন প্রতিযোগিতার সব কিউ শেষ। প্রতিযোগীদের মধ্যে চাপা উত্তেজনা। কিছুক্ষণ পর ফল ঘোষণা। তার আগে প্রতিযোগীদের মধ্য থেকে একজনকে কিছু বলার সুযোগ দিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। আর তাতেই শুরু হয়ে যায় ‘বিতর্ক সভা’। মঞ্চের ডান পাশে বসা প্রতিযোগীদের মধ্যে ফ্যাশন হাউস মুনমুন’স-এর কাজী শাহতাজ পারভিন হাত তুলে বলার সুযোগ চাইলেন। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বললেন, ‘এই আয়োজন অন্য ফ্যাশন প্রতিযোগিতার মতো নয়। এটা ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। তাই বিচারের ক্ষেত্রে শুধু ফ্যাশনের বিষয় নয়, ঈদে পরিধানযোগ্য কি না তা-ও বিবেচনায় আনা দরকার। ফ্যাশন কিউতে আদিবাসী ডিজাইনের প্রাধান্য আমাদের হতাশ করেছে।’এরপর মাইক্রোফোন ফিরে গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক বিশ্বজিৎ চৌধুরীর কাছে। তিনি মন্তব্য করলেন, ‘বিচারকদেরও জ্ঞান দেওয়া হলো।’ তাঁর এই মন্তব্যের পর এবার প্রতিযোগীদের মধ্য থেকে উঠে দাঁড়ালেন জত্রীতা বুটিক হাউসের ডিজাইনার লিনা।মঞ্চে উঠে এসে লিনা বললেন, ‘আমি বান্দরবান থেকে এসেছি। আদিবাসীরা যুগ যুগ ধরে কোমর তাঁতসহ পোশাকের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। এটা আমাদের ঐতিহ্যেরই অংশ। এখানে আদিবাসী পোশাকের অংশগ্রহণ আছে, প্রাধান্য নেই।’ এবার দর্শকের উদ্দেশে বিশ্বজিৎ চৌধুরী বললেন, ‘এটা প্রায় বিতর্ক সভা। বিচারক ও প্রতিযোগীদের বিতর্ক।’বান্দরবান থেকে আসা আরেক ডিজাইনার ডনাইংপ্রু নেলী বললেন, ‘আদিবাসীরা সাধারণ মানুষের সংস্কৃতিকে দীর্ঘদিন ধরে লালন করছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিযোগীদের উদ্দেশে বলেছেন মেড ইন চিটাগাং ব্র্যান্ড তৈরির লক্ষ্যে কাজ করতে। আদিবাসী পোশাকের সঙ্গে অন্য পোশাক মিলেই গড়ে উঠবে মেড ইন চিটাগাং ব্র্যান্ড।’নেলীর বক্তব্যের পর দ্বিতীয়বার বলার সুযোগ চাইলেন কাজী শাহতাজ পারভিন। উত্তরে বিশ্বজিৎ চৌধুরী বললেন, ‘দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে না।’ এর পরও একটি কথা বলার সুযোগ চান কাজী শাহতাজ পারভিন। সঞ্চালক বলেন, ‘মনে হচ্ছে, বিতর্ক সভা চলবেই।’দ্বিতীয়বার সুযোগ নিয়ে কাজী শাহতাজ পারভিন বলেন, ‘আমি শুধু ঈদে কেনার ও পরার মতো পোশাককে প্রাধান্য দিতে বলেছি। আদিবাসী পোশাকের বিরুদ্ধে কিছু বলিনি।’ সবশেষে বিচারকদের পক্ষ থেকে কিছু বলার সুযোগ চাওয়া হয়। বিচারকদের পক্ষে আইভি হাসান বলেন, ‘অবশ্যই ঈদে পরার মতো পোশাকই প্রতিযোগিতায় রাখা হয়েছে। ঈদের ব্যাপারটি মাথায় রেখেই ডিজাইন করার ব্যাপারে প্রতিযোগীদের প্রতি নির্দেশনাও ছিল। কিন্তু তার প্রতিফলন দেখা যায়নি।’ আইভি হাসান বলেন, ‘পোশাকে আদিবাসী, কটন, সিল্ক সবই আছে।’ তাঁর বক্তব্যের পরই শুরু হয় পুরস্কার বিতরণ। সঞ্চালক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘যে প্রতিযোগী ক্ষুব্ধ ছিলেন, আমি এখনই তাঁর মন ভালো করে দিচ্ছি। শাড়ি “ক” বিভাগে প্রথম হয়েছেন মুনমুনসের কাজী শাহতাজ পারভিন।’