হঠাৎ খবরে জারোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভ্যতার ছোঁয়া আদৌ লাগেনি কিংবা সামান্যই লেগেছে, এমন স্থান ছোট হয়ে আসা পৃথিবীতে এখন কমই। সেই বিরল স্থানগুলোর একটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গা। অতি নিভৃত জীবনযাপন করা জারোয়া জাতির মানুষের বাস সেখানেই। আন্দামানের অন্যতম আদি বাসিন্দা জারোয়ারা সম্প্রতি খবরে এসেছে তাদের নিয়ে কিছু অসাধু পুলিশের এক অনৈতিক কাজের জের ধরে।বঙ্গোপসাগরে অবস্থিত একদা-দুর্গম আন্দামান ব্রিটিশ ভারতে পরিচিত ছিল ‘কালাপানি’ নামে। ব্রিটিশ আমলে স্বাধীনতাসংগ্রামীদের অনেককে পাঠানো হতো এখানকার কুখ্যাত সেলুলার জেলে। আন্দামান ও নিকোবর ভারতের একটি অঙ্গরাজ্য। কেন্দ্রশাসিত অঞ্চল। ৫৭২টি ছোট-বড় দ্বীপ নিয়ে এ রাজ্য। এসব দ্বীপের বেশির ভাগই জনবসতিহীন।দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশে রয়েছে গভীর জঙ্গল। সেখানে বাস করে জারোয়া ছাড়াও ওঙ্গি, গ্রেট আন্দামানিজসহ বেশ কয়েকটি আদিবাসী সম্প্রদায়। তারাই এই আন্দামান দ্বীপের আদি মানুষ। ধারণা করা হয়, আফ্রিকা থেকে যেসব মানুষ প্রথম এশিয়ায় পাড়ি জমায়, এদের অনেকে তাদেরই বংশধর। এদের মাত্র কয়েক শ করে সদস্য টিকে আছে এখন। জারোয়ারা থাকে আন্দামানের দক্ষিণ-পূর্বের দ্বীপে। তাদের সমাজব্যবস্থা ও জীবনযাত্রা এখনো আদিম ধরনের। জারোয়ারা উলঙ্গ বা অর্ধ উলঙ্গ অবস্থায় থাকে। বনের জীবজন্তু ও ফলমূল আর সমুদ্রের মাছ তাদের মূল খাদ্য। নিজেদের এলাকায় বাইরের মানুষ ঢুকে পড়লে তাদের বিষমাখা তির ছুড়ে হত্যা করতে দ্বিধা করে না জারোয়ারা। এ কারণে জারোয়া অঞ্চলে পর্যটকসহ বাইরের মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি আছে। বাইরের প্রভাব ও রোগ ছড়ানো থেকে আদিবাসীদের সুরক্ষাও এ নিষেধাজ্ঞার অন্যতম কারণ। জারোয়াদের আবাসস্থলকে তাই ঘোষণা করা হয়েছে সংরক্ষিত অঞ্চল হিসেবে। বলা হয়েছিল, সংরক্ষিত অঞ্চলে জারোয়ারা থাকবে স্বাধীনভাবে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে। গোটা আন্দামানে ৪০৪ জন জারোয়ার বাস।সম্প্রতি নিষেধাজ্ঞা ভেঙে পুলিশ একদল পর্যটককে মোটা টাকার বিনিময়ে নিয়ে যায় জারোয়াদের সংরক্ষিত অঞ্চলে। সেখানে খাবারের বিনিময়ে তারা অর্ধনগ্ন জারোয়া মেয়েদের দিয়ে নৃত্য পরিবেশন করায়। সেই নাচের ফুটেজ কয়েক দিন আগে দিল্লির দুটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায়। গোটা ভারতে নিন্দার ঝড় ওঠে। এই ঘটনার পর সক্রিয় হয়ে ওঠে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জারোয়াদের দ্বীপে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয় ১৫ জনকে। মাছের ট্রলারে করে সেখানে গিয়েছিলেন ওই পর্যটকেরা।দিল্লির যে দুটি টিভি চ্যানেল ওই ভিডিও দৃশ্য প্রচার করে, আন্দামান প্রশাসন তাদের কারণ দর্শাও নোটিশ দিয়েছে। আন্দামানের সাংসদ বিষ্ণুপদ রায় অবশ্য বলেছেন, প্রচারিত হওয়া ভিডিও ক্লিপিংস পুরোনো, সাম্প্রতিক সময়ের নয়। ভিডিও দেখেছেন জানিয়ে কেন্দ্রীয় আদিবাসী বিষয়কমন্ত্রী ভি কিশোরচন্দ্র দেও বলেছেন, ‘এ ঘটনা অমানবিক, লজ্জাজনক ও ন্যক্কারজনক। রিপোর্ট চেয়েছি আন্দামান প্রশাসনের কাছে। সেটা এলেই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।উপজাতীয়দের স্বার্থ নিয়ে কাজ করা লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল বলেছে, ভিডিওচিত্রে দেখা গেছে, পর্যটকেরা যেন একটি ‘মানব চিড়িয়াখানা’ উপভোগ করছেন। সারভাইভাল ইন্টারন্যাশনাল গত জুন মাসে অভিযোগ করেছিল ভারতের আটটি ট্রাভেল এজেন্সি আন্দামানে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের সহযোগিতাতেই পর্যটকেরা জারোয়া আদিবাসীদের সংস্পর্শে যেতে ও ছবি তুলতে পারছে। পর্যটকদের প্রতি জারোয়াদের আবাসস্থলে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।আন্তর্জাতিক এবং ভারতের আদিবাসী ও মানবাধিকার কর্মীরা জারোয়াদের মতো স্বাতন্ত্র্যপ্রেমী ও নির্বিরোধী বিপন্ন জাতিগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় সোচ্চার হয়ে উঠেছেন। হয়তো তাঁদের সক্রিয়তাই কেবল এ বিচিত্র ক্ষুদ্র মানবগোষ্ঠীটিকে টিকিয়ে রাখতে পারবে। অমর সাহা