হঠাৎ ঝড়ে তছনছ সুখের সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরিফুর রহমানের (ছদ্মনাম) সঙ্গে সুলতানা জামানের বিয়ে হয়। সংসারও করছিলেন সুখে-শান্তিতে। হঠাৎ ঝড়ে তছনছ হয়ে যায় তাঁদের সুখের সংসার। ভেঙে যায় সম্পর্ক। এর নেপথ্যে ভূমিকা রেখেছিলেন আরিফের বন্ধু রফিক উদ্দিন (ছদ্মনাম)। আরিফের সঙ্গে সুলতানার দূরত্ব তৈরি করে দেন এই রফিক। সালিসি পরিষদও এখতিয়ারের বাইরে গিয়ে আরিফের সঙ্গে সুলতানার সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করে। কিন্তু হয়নি। সালিসি পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এ ব্যাপারে আদেশ দেন। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। সুলতানা জামান অঝোরে কাঁদছিলেন। তাঁর চোখের পানি অনবরত ঝরছিল, আর বলছিলেন, ‘আমি দেন মোহরের টাকা চাই না। আমি আমার স্বামীকে চাই। আমি সংসার চাই।’সুলতানার স্বামী আরিফুর রহমান নীরব নির্বিকার। অনেকক্ষণ পর আরিফ মুখ খোলেন। বলেন, ‘স্যার, ওর মানসিক সমস্যা আছে। তাঁদের সঙ্গে অনেকবার বৈঠক করেছি। সব বৈঠকই ওর কারণে ব্যর্থ হয়েছে। আমি এখন আড়াই লাখ টাকার পে-অর্ডার এবং নগদ ৫০ হাজার টাকা সঙ্গে করে নিয়ে এসেছি। ও আপসনামায় সই করলে সব ঝামেলা শেষ হয়ে যায়।’আরিফের বক্তব্যের সূত্র ধরে সালিসি পরিষদের চেয়ারম্যান বলেন, ‘দেনমোহর কিংবা অন্য কোনো পাওনার ব্যাপারে সালিসি পরিষদ কোনো পক্ষকে আপসের জন্য বাধ্য করতে পারে না। আপনারা আপস করতে চাইলে করতে পারেন। তবে বাইরের কোনো জায়গায় আপস করে এসে সালিসি পরিষদকে বিষয়টি জানাতে হবে। কারণ তাতে দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে এক বা একাধিক মামলা হওয়ার আশঙ্কা এড়ানো যাবে, যা সবার জন্য ইতিবাচক। মামলা-মোকদ্দমার কারণে উভয় পক্ষের ভোগান্তি হয়।’ এ কথা শুনে সুলতানা জামানকে তাঁর ভাই ও বোন বোঝাতে থাকেন। একপর্যায়ে ভাইবোন তিনজনই কান্নায় ভেঙে পড়েন। তাঁদের কান্নায় সালিসি পরিষদের কক্ষের পরিবেশ যেন বেদনাবিধুর হয়ে ওঠে। সালিসি পরিষদের কক্ষের প্রতিটি দেয়াল যেন তাঁদের সঙ্গে কান্নাজুড়ে দিয়েছে।আরিফ ও তাঁর সঙ্গে আসা রফিক উদ্দিন (ছদ্মনাম) চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তাঁদের মুখে কোনো কথা নেই। তাঁরা উভয়ই নির্লিপ্ত-নির্বিকার। যেন এই কান্না-এই গুমরে ওঠা বেদনাহত আওয়াজ কোনো কিছু তাঁদের কানে যাচ্ছে না। তাঁদের স্পর্শ করছে না। এই অবস্থায় সালিসি পরিষদ শেষ চেষ্টা হিসেবে আরিফকে বলেন, ‘দেখেন একটা মেয়ের চোখের পানিকে অন্তত মূল্যায়ন করুন। তিনি তো আপনার বিয়ে করা স্ত্রী...।’ এতেও আরিফ আর সায় দেয় না। পিনপতন নীরবতা আবার। পরে সুলতানাকে তাঁর ভাই ও বোন বোঝাতে থাকেন। বলেন, আপসসংক্রান্ত রশিদপত্রে সই করে দাও। কান্নার প্রভাবে তখনো কেঁপে কেঁপে উঠছিলেন সুলতানা। হঠাৎ নীরবতা ভেঙে যায় সুলতানার। কাঁদতে কাঁদতে রফিক উদ্দিনের দিকে তাকিয়ে বলেন, ‘আমি জীবনেও আপনাকে ক্ষমা করতে পারব না। আপনিই আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন।’ সুলতানার কথা শুনে রফিক কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে রাখেন। তখনো সুলতানা ও তাঁর ভাই-বোনের চোখে ফোঁটা ফোঁটা নোনা জল ঝরছিল। এই পরিস্থিতি কবি জীবনানন্দ দাশের কবিতার কথা মনে করিয়ে দেয়। এতে বলা হয়, ‘আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয়,/ যেন এক বোধ কাজ করে।/ স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়,/ কোনো এক বোধ কাজ করে।’নথি পর্যালোচনায় মনে হয়েছে, বিধিবদ্ধ ৯০ দিন পার হয়েছে। সালিসি পরিষদের রীতি অনুসারে তালাক আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।