হঠাৎ থেমে গেছে কাপ্তাইয়ের নির্বাচনী কোলাহল
আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজে যখন পুরো উপজেলা সরগরম তখনই দুইটি ইউনিয়নে নির্বাচন স্থগিত হয়েছে। আর তাতে থেমে গেছে নির্বাচনী কোলাহল। ৫ মে কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের নির্বাচন স্থগিত হয় উচ্চ আদালতের নির্দেশে। রাইখালীর ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শৈলামং মারমাকে এবারের তৈরি ভোটার তালিকায় ৭ নম্বর ওয়ার্ডের ভোটার করা হয়েছে। তিনি এবারও ৮ নম্বর ওয়ার্ড থেকে সদস্যপদে প্রার্থী হবার প্রস্তুতি নিয়েছেন। নিজের এলাকার ভোটার তালিকায় নাম না থাকায় প্রার্থী হতে পারবেন না জেনে তিনি আবেদন করলে উচ্চ আদালত আগামী তিন মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইখালী ইউনিয়নে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করেন। ওই স্থগিতাদেশের পর রাইখালীর ১০ হাজার ৬৫০ জন ভোটারের মধ্যে চরম হতাশা নেমে আসে। এদিকে, চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচনও স্থগিত করা হয় ৯ মে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন এবার চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচন স্থগিতের কথা স্বীকার করেন। তিনি বলেন, চন্দ্রঘোনার পাশের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নুরুল ইসলাম ও স্বপন তংচংগ্যা সীমানা জটিলতার বিষয় উল্লেখ করে উচ্চ আদালতে নির্বাচন স্থগিতের আদেশ চান। আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ৩১ মে পর্যন্ত হোসনাবাদ ও চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচনসংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন বলে নির্বাহী কর্মকর্তা এ প্রতিনিধিকে জানান।নির্বাচন স্থগিতের খবর শোনার সঙ্গে সঙ্গে চন্দ্রঘোনার আট হাজার ২৫৫ জন ভোটারের মধ্যে হতাশা নেমে আসে। সঙ্গে সঙ্গে থেমে যায় নির্বাচন বিষয়ে আলাপ-আলোচনাসহ সব জল্পনা-কল্পনা। এদিকে, চন্দ্রঘোনা ইউনিয়নের সম্ভাব্য ছয় চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করার দাবিতে গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন বলে জানা গেছে। চেয়ারম্যান পদপ্রার্থী বিপ্লব মারমা স্মারকলিপিতে সই করার কথা স্বীকার করেন। স্মারকলিপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আরও সই করেন মো. মফিজুল হক, ওজি উল্যাহ, মোশাররফ হোসেন, হারুনর রশীদ ও মো. হানিফ। নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করার কথা স্বীকার করেন এবং জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপিটি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়ে দেবেন বলে এ প্রতিনিধিকে জানান।আর কোনো ইউনিয়নে নির্বাচন স্থগিত হবে কি না জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, আরও দুইটি ইউনিয়নে নির্বাচন স্থগিতের আদেশ আসতে পারে। কোনো ইউনিয়নের নাম উল্লেখ না করে তিনি বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নগুলো থেকে এ ব্যাপারে তৎপরতা চালানো হচ্ছে। আরও দুইটি স্থগিতাদেশ আসতে পারে বলে নির্বাহী কর্মকর্তার ওই আশঙ্কার পর পুরো উপজেলায় নির্বাচনী আমেজ থমকে গেছে। তবে নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি সমর্থন না করে বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হীনস্বার্থে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আনা হচ্ছে। তিনি স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে দ্রুত নির্বাচনের রায় আনার জন্য সম্ভাব্য প্রার্থীদের পরামর্শ দেন।কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে আগামী ১৫ জুন ছিল নির্বাচন। ১৫ মের মধ্যে মনোনয়নপত্র গ্রহণ করার কথা। ২০০৩ সালে এ উপজেলায় সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল।